ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ফুটবলের যে কোনো সংস্করণেই যে দ্বৈরথ প্রবল উন্মাদনা ছড়ায়। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের ছষ্ঠ রাউন্ডের এই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তপ্ত ফুটবল দুনিয়া। তবে, এর আগেই আরো একবার এই মারাকানাতেই দেখা যাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দ্বৈরথ।

লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস কাপের ফাইনাল ৪ নভেম্বর। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্স ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

আর্জেন্টাইন ক্লাবটিতে আছেন উরুগুয়ে ফুটবলের কিংবদন্তি বনে যাওয়া এডিনসন কাভানি। গোলবারের নিচে আছেন ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া সার্জিও রোমেরো। এবারেও দুইবার ক্লাবকে টাইব্রেকারে জয় এনে দিয়েছেন তিনি। এছাড়া মার্কাস রোহো, ক্রিশ্চিয়ান মেদিনা আছেন দলের ভরসা হিসেবে। ব্রাজিলিয়ান ক্লাবটিতে আছেন ঘরের ছেলে ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলো। আছেন অভিজ্ঞ তারকা ফিলিপ মেলো। এ ক্লাবের কোচ হিসাবে থাকছেন ব্রাজিল দলের বর্তমান কোচ ফার্নান্দো দিনিজ।

এদিকে ল্যাটিন আমেরিকার এই শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে স্টেডিয়ামে জড়ো হবেন ৭৮ হাজার দর্শক। ধারণা করা হচ্ছে, ম্যাচ দেখতে আর্জেন্টিনা থেকে প্রায় ২০ হাজার দর্শক জড়ো হবেন। তাই আগে থেকেই ব্রাজিলের রিও ডি জেনারিও রাজ্য সরকার জরুরি অবস্থা জারি করেছে। ম্যাচ শেষে দুই পক্ষের সমর্থকদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্কতা অবলম্বন করছে।