বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এসে হোঁচট খেয়েই চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র নিয়ে শেষ করার পর এবার উরুগুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারল না ল্যাটিন আমেরিকার জায়ান্ট দলটি। দারউইন নুনেজ ও দে লা ক্রুজের গোলে ২-০ গোলে সেলেসাওদের হারিয়েছে উরুগুয়ে। এ জয়ের মধ্য দিয়ে হলদে শিবিরকে ২২ বছর পর হারাতে সক্ষম হয়েছে উরুগুয়ে। 

প্রথমার্ধে ব্রাজিলের হতাশার সীমাকে চূড়ান্ত উচ্চতায় চড়িয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। দেখে মনে হয়েছে তিনি বেশ গুরুতর আঘাতই পেয়েছেন। হাঁটুর চোট নিয়ে অশ্রুসিক্ত ব্রাজিল তারকা মাঠ ছেড়েছেন স্ট্রেচারে চড়ে। প্রথমার্ধের যোগ করা সময়েই তার বদলি হিসেবে মাঠে নামানো হয় রিচার্লিসনকে।

বিরতির শুরুতেও বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। তবে বারবারই বল হারাচ্ছিল সেলেসাও শিবির। নিয়মিত বিরতিতে উরুগুয়ের রক্ষণে হানা দিয়েও তারা বলের গন্তব্য ঠিক রাখতে ব্যর্থ হয়। বিপরীতে সেখান থেকে পাল্টা আক্রমণে যায় স্বাগতিক উরুগুয়ে। পরে ৬৯তম মিনিটে ম্যাচে সমতায় টানার প্রায় কাছাকাছিই ছিল ভিনি-রদ্রিগোরা। ৩০ গজ দূর থেকে নেওয়া রদ্রিগোর এক ফ্রি-কিক শট গোলবার কাঁপিয়ে বাইরে চলে যায়।

এরপর ৭৭ মিনিটে ডি-বক্সে নুনেজের পাস থেকে দারুণ এক গোল করেন আনমার্কে থাকা উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজ। এই গোলেই উরুগুয়ের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আবারও বল নিজেদের দখলে রেখে আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে গোলের দেখা পায়নি। ম্যাচের শেষদিকে এসে নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে ব্রাজিলের ফুটবলাররা। একের পর এক ফাউল করে হলুদ কার্ড দেখেন ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল জেসুস এবং গোলরক্ষক এডারসন।

এর আগে ব্রাজিল-উরুগুয়ের সর্বশেষ পাঁচ দেখায় মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল উরুগুয়ে। সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে সেলেসাওদের কাছে তারা ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু কাতার বিশ্বকাপে হতাশার এক অধ্যায় শেষে এখনও পুরোপুরি স্বস্তিতে ফেরার পথ খুঁজে পাচ্ছে না ব্রাজিল। তাদের ভুলে যাওয়ার মতো সেই খাতায় আরেকটি হারের পাতা যুক্ত হলো আজ (বুধবার)। ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে উরুগুয়ে, যা তাদের টেবিলের দুইয়ে উঠিয়ে দিলো। সমান ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করছে ব্রাজিল।