আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল বুধবার রাতে মাঠে নেমেছিল ইউরোপিয়ান জায়ান্টরা। যেখানে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে ফ্রান্স ও ইতালি। ইউক্রেনকে ফ্রান্স হারিয়েছে ৭-১ গোলে, মলডোভার বিপক্ষে ইতালির জয় ৬-০ গোলের। তবে রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত করেছে তুরস্ক। এদিন অবশ্য সবার চোখ ছিল পর্তুগাল-স্পেন ম্যাচের দিকে। হাইভোল্টেজ এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায়নি কোন দল। ম্যাচটি গোল শূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। 

স্তাদে দ্য ফ্রান্সে ইউক্রেনের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আগ্রাসী ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণের ধারায় ম্যাচে ৯ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। শুরুর গোলটি আসে এদোয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে। এরপর ২৫ ও ৩৩ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান ৩-০ করেন ফরাসি স্ট্রাইকর অলিভিয়ে জিরু। আত্মঘাতী গোলে ৬ মিনিট পর আরো পিছিয়ে যায় ইউক্রেন। বিরতির পর ৫৩ মিনিটে এক গোল শোধ দেয় ইউক্রেন। কোরেন্টিন টোলিসোর গোলে ৬৫ মিনিটে ফের ব্যবধান বাড়ায় ফ্রান্স। ৮২ মিনিটে ইউক্রেনের জালে ৬ষ্ঠবারের মতো বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ইউক্রেনের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন আঁতোয়ান গ্রিজম্যান। 

একই রাতে ইতলির বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে মলডোভা। ১৮ মিনিটে ব্রায়ান ক্রিস্টান্তে ইতালির হয়ে গোল মুখ উন্মোচন করেন। এরপর ৯০ মিনিট জুড়ে অতিথিদের জালে বল জড়ায় আরো পাঁচবার। জোড়া গোল করেন এল শারাওয়ে। 

জার্মানির বিপক্ষে তিনবার পিছিয়ে পড়েও হার মানেনি তুরস্ক। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এদিন প্রথমার্ধে অতিরিক্ত সময়ে জার্মানদের গোল এনে দেন ইউলিয়ান ড্রাক্সলার। তবে বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে সমতা ফেরান তুরস্কের ওজান তুফান। এরপর ৫৮ মিনিটে জার্মানদের আবার এগিয়ে দেন ফ্লোরিয়ান নিউহস। এফেকান কারাকার গোলে দ্বিতীয়বারের মতো সমতা ফেরায় তুরস্ক। লুকা ওয়াল্ডস্মিট ৮১ মিনিটে জার্মানদের এগিয়ে দেন ৩-২ গোলে। অবশ্য এরপরও হাল না ছেড়ে অতিরিক্ত সময়ে হার এড়ানো গোলটি করেন তুরস্কের কেনান কারমান।