বিশ্বকাপের হাইভোল্ডেজ ম্যাচে আগামী ১৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ দুইদেশের রুদ্ধশ্বাস লড়াই শুরুর আগেই ক্রিকেটজ্বরে কাঁপছে ভারতের আহমেদাবাদ শহর। ম্যাচটিকে ঘিরে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে শুরু করে ভক্তদের মাঝেও উন্মাদনার কমতি নেই। এরই মধ্যে গুজরাটের হোটেলের জায়গা ফুরিয়ে হাসপাতালগুলোতে ঠাঁই নিয়েছেন অনেকে। এমনকি তাদের বেশিরভাগই চেক-আপ করার কথা বলে হাসপাতালের সিট ভাড়া (বুকিং) করছেন। খবর রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, পশ্চিম ভারতের শহর আহমেদাবাদে ক্রিকেটীয় উত্তেজনার পারদ চরমে পৌঁছে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে এক রাতের জন্য হাসপাতালে বুকিং দিচ্ছেন অসংখ্য মানুষ। কারণ হিসেবে তারা স্বাভাবিক চেক-আপের কথা উল্লেখ করছেন। স্থানীয় গণমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, কৌশলে বেশিরভাগ মানুষ চেক-আপ প্যাকেজ এবং তার সঙ্গে কম খরচে রাতে থাকার সুবিধা নিতে হাসপাতালগুলোকে বেছে নিচ্ছে। যেখানে হোটেলের সিটের ভাড়া ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আহমেদাবাদ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তুষার প্যাটেল বলছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে আমরা বড় সংখ্যক মানুষদের দেখছি ভারত-পাকিস্তান ম্যাচের কাছাকাছি সময়ে হেলথ চেক-আপের সময় নির্ধারণ করেছে। একই সময়ে তারা হাসপাতালেও থাকতে চায়।’










