সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর করে দুশ রান পেরিয়েছে। জয় দারুণ ব্যাটিংয়ে ১৬৬ বলে ৮৬ রান করে আউট হয়ে যান। চা-বিরতির পর এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ৬০ ওভারে ৪ উইকেটে ২০৯ রান। মুশফিকুর রহিম ১২ ও অভিষিক্ত শাহাদাত হোসেন ১৩ রানে ব্যাট করছিলেন।

 

উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও মাহমুদুল হাসান ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হন। ৪১ বলে ১২ রান করে স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন জাকির। আজাজের টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি আছে।

 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জয় ৭১ বলে ৫৩ রান যোগ করেন। শান্ত ৩৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন। গ্লেন ফিলিপসের বলে তিনি কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন। ২টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান শান্ত। এরপর জয়ের সঙ্গে যোগ দেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। এই দুজন বোর্ডে ৮৮ রান তুলেছেন। দলের ১৮০ রানের সময় গ্লেন ফিলিপসের শিকার হন মুমিনুল। তিনি ৭৮ বলের মোকাবেলায় ৩৭ রান করেন।

 

পরের ওভারে জয়কেও ফিরিয়ে দারুণ সফলতা পায় কিউইরা। স্পিনার ইস সোধির বলে ড্যারিল মিচেলকে ক্যাচ দেন জয়।

  

এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে ২১ বছর বয়সী অফস্পিনার শাহাদাত হোসেনের। এক পেসার ও চার স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

 

সিলেটে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ।

ঠিক ১০ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলছে নিউজিল্যান্ড। ২০১৭, ২০১৯ ও ২০২২ সালে নিউজিল্যান্ডের মাঠে ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ।