আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের
জন্য ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরণ শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগ করল বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি গুয়াহাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে
বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ খেলবে টাইগাররা।
গুয়াহাটিতে ২৯ সেপ্টেম্বর
ও ২ অক্টোবর যথাক্রমে শ্রীলংকা ও ইংল্যান্ডের সঙ্গে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সাকিব আল হাসানরা এরপর চলে যাবেন ধর্মশালায়, সেখানেই ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ বিশ্বকাপ
মিশন শুরু হবে টাইগারদের।
এর আগে গত বছর আরব আমিরাতে
অনুষ্ঠিত এশিয়া কাপ টি২০, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজ ও অস্ট্রেলিয়ায়
অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট (মূলত হেড কোচের দায়িত্ব
পালন করেন) হিসেবে কাজ করেছেন শ্রীরাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্ত হবেন বাংলাদেশ
দলে।
শ্রীরাম ২০১৮ থেকে ২০২২
পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। আর ২০১৫ থেকে ২০১৮
পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার কনসালটেন্ট ছিলেন।
২০০০ থেকে ২০০৪ সালের
মধ্যবর্তী সময় তিনি ভারতের হয়ে আটটি ওয়ানডে খেলেছেন। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন
দীর্ঘ ১৮ বছর।










