স্নায়ুক্ষয়ী এক লড়াইয়ের সাক্ষী হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। গতকাল ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান। তাতে ম্যাচটি টাই হয়ে যায়। এরপর প্রথম সুপার ওভার টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারে এল ফল। নাটকীয় ম্যাচে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে সুপার ওভারে ৪ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
আহমেদাবাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন আর কুইন্টন ডি ককের জোড়া ফিফটিতে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় ১৯.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান।
সুপার ওভারে ব্যাটিংয়ে আসেন আফগানিস্তানের দুই ব্যাটার আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ। বোলিংয়ে ছিলেন লুঙ্গি এনগিদি। প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকান ওমরজাই। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চারের পরের বলে ছক্কার মার। পরের দুই বলে দুটি সিঙ্গেলস। পঞ্চম বলে আরো একটি বাউন্ডারি পান ওমরজাই। শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি। তাতে স্কোরবোর্ডে ১৭ রান দাঁড় করান তারা।
প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে ছিলেন ডেভিড মিলার ও ডেভাল্ড ব্রেভিস। বোলিংয়ে ফজলহক ফারুকি। প্রথম বলে সিঙ্গেল নেন মিলার। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হন ব্রেভিস। শেষ বলে জয়ের জন্য সাত রান দরকার ছিল প্রোটিয়াদের। ছক্কা হাঁকিয়ে টাই করেন স্টাবস।
দ্বিতীয় সুপার ওভারে ঝড় তোলেন প্রোটিয়া দুই ব্যাটার ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। তিন ছক্কার মারে ২৩ রানের বড় পুঁজি গড়েন তারা। আফগানিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৪। মোহাম্মদ নবী দুই বল খেলে সাজঘরে ফিরলে ম্যাচ অনেকটাই প্রোটিয়াদের দিকে হেলে যায়। পরের তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে আবারো জমিয়ে দেন গুরবাজ। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। কেশব মহারাজের ওয়াইডে আরো নাটকীয় রূপ নেয় ম্যাচ। শেষ বলে ক্যাচ আউট হন গুরবাজ। তাতে লড়াই থামে আফগানদের। ৪ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ডাবল সুপার ওভারের প্রথম নজির।
গতকালের হারে সুপার এইটে ওঠা খুব কঠিন হয়ে গেল আফগানিস্তানের জন্য। শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও সুপার এইট অনিশ্চিত থাকবে আফগানিস্তানের জন্য।
এদিকে, কিছুটা অস্বস্তি নিয়ে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে বড় টার্গেট দিতে সমর্থ হয়। কলম্বোয় গতকাল ‘বি’ গ্রুপ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয়। এই রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। জবাব দিতে নেমে আইরিশরা ১৬.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায়।
গতকাল রাতের ম্যাচে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ইংল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়েছে।










