রেকর্ডই তাদের হয়ে কথা বলবে। চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রিমিয়ার লিগের মোট ছয়টি ক্লাব জায়গা করে নিয়েছে। এর মধ্যে শিরোপা জয়ের মতো ফেভারিট একাধিক দল রয়েছে। আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার্স, চেলসি, ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেড খেলবে এবার শেষ ষোলোয়। এর মধ্যে লিভারপুল (৬ বার), চেলসি (২ বার) ও ম্যানসিটি (১ বার) ইউরোপসেরার মুকুট জিতেছে।

এবার মোট আটটি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। এছাড়া নবম থেকে ২৪তম পজিশন পর্যন্ত আরো ১৬টি দল নকআউট প্লে-অফে অংশ নেয়। আর্সেনাল তাদের আটটি ম্যাচই জেতে শেষ ষোলোয় কোয়ালিফাই করে। দ্বিতীয় হয় জার্মান জায়ান্ট বায়ার্ন। গ্রুপ পর্বের শেষ দিনের নাটকীয়তা শেষে তাদের সঙ্গে শেষ ষোলোয় যোগ দেয় লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি। প্লে-অফ রাউন্ডে কারাবাগকে সহজেই হারিয়ে শেষ ষোলোয় নাম লেখায় নিউক্যাসল ইউনাইটেড।

অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনও শেষ ষোলোয় নাম লেখায়। গতবারের ফাইনালিস্ট ইতালির ইন্টার মিলানকে ৫-২ গোলে বিস্মিত করে বোডো/গ্লিমট জায়গা করে নেয় শেষ ষোলোয়। প্লে-অফ রাউন্ডে বিদায় নেয় অলিম্পিয়াকোস ও ক্লাব ব্রুজ।

জুভেন্টাস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল তবে প্রথম লেগের ২-৫ গোলের ঘাটতি আর কাটিয়ে ওঠা হয়নি। শেষমেশ শেষ ষোলোয় উঠে যায় তুরস্কের পরাশক্তি গ্যালাতাসারে। শেষ ষোলোয় ইতালির একমাত্র প্রতিনিধি হিসেবে আছে আটালান্টা। তারা ঘুরে দাঁড়িয়ে বিদায় করে দেয় জার্মান পরাশক্তি বরুশিয়া ডর্টমুন্ডকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এ নিয়ে টানা পঞ্চম মৌসুমে মুখোমুখি হবে এ ক্লাব দুটি। সেরা আটের মধ্যে থাকায় এবার ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সিটি। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে পড়েছে ইংল্যান্ডের আরেক দল চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি দল শেষ ষোলোয় কোয়ালিফাই করলেও কেউই একে অন্যের মুখোমুখি হচ্ছে না। প্রিমিয়ার লিগের বর্তমান শীর্ষ দল আর্সেনাল খেলবে জার্মানির বায়ার লেভারকুসেনের বিপক্ষে। এছাড়া নিউক্যাসল খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ তুরস্কের গ্যালাতাসারে আর টটেনহ্যাম খেলবে আরেক মাদ্রিদ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে ইতালির আটালান্টার বিপক্ষে, নরওয়ের চমক জাগানো দল বোডো/গ্লিমট খেলবে পর্তুগালের স্পোর্টিং লিসবনের বিপক্ষে।

শেষ ষোলোর প্রথম লেগের খেলা আগামী ১০ ও ১১ মার্চ এবং দ্বিতীয় লেগের খেলা আগামী ১৭ ও ১৮ মার্চ। নিউক্যাসল ঘরের মাঠে প্রথম লেগ খেলবে। এছাড়া প্রিমিয়ার লিগের বাকি দলগুলো প্রথম লেগ অ্যাওয়েতে খেলবে। এবার ফাইনাল আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

আলোচনা এখন ম্যানসিটি-রিয়াল মাদ্রিদ লড়াই নিয়ে। ম্যানচেস্টার সিটির ফুটবল পরিচালক উগো ভিয়ানা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা উভয় দলের জন্যই বড় ম্যাচ। আমরা এরই মধ্যে গ্রুপ পর্বে একে অন্যের সঙ্গে খেলেছি, কাজেই এটা খুবই আকর্ষণীয় লড়াই হবে। এটা যেন ফাইনালের মতো। আরেকবার ফাইনাল খেলতে পারলে আমরা খুশি হব। তবে এখনই ফাইনাল নিয়ে কথা বলার সময় আসেনি। আমাদের এখন ম্যাচ-বাই-ম্যাচের কথা চিন্তা করতে হবে। আপাতত আমাদের ভাবনায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচ।’

চলতি মৌসুমে এরই মধ্যে মুখোমুখি হয়েছে সিটি ও রিয়াল মাদ্রিদ। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ম্যানসিটি। গোল করেছেন নিকো ও’রাইলি ও আর্লিং হালান্ড। এ নিয়ে টানা পঞ্চম মৌসুমে ও সাত মৌসুমের মধ্যে ষষ্ঠবারের মতো নকআউট পর্বে রিয়ালের মুখোমুখি হচ্ছে সিটিজেনরা। সব মিলিয়ে ১৫ বারের মোকাবেলায় সিটি পাঁচবার ও রিয়াল পাঁচবার জিতেছে।

লিগ পর্বে সবচেয়ে ধারাবাহিক দল আর্সেনাল, যারা আট ম্যাচের সবগুলোই জিতেছে। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেন বাধা টপকাতে পারলে আর্সেনালের সামনে পড়বে স্পোর্টিং লিসবন কিংবা বোডো/গ্লিমটের মধ্যে একটি দল। মিকেল আরতেতার দলকে এবার শিরোপার জন্য অন্যতম ফেভারিট বিবেচনা করা হচ্ছে।

প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের ২৭.৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে আর্সেনালের। ১৪.২৮ শতাংশ সম্ভাবনা নিয়ে দুইয়ে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। এছাড়া লিভারপুলের ১২.৮৩ ও ম্যানসিটির ১০.৭৯ শতাংশ সম্ভাবনা রয়েছে। অবাক করার মতো বিষয় হলো চ্যাম্পিয়ন্স লিগের চির ফেভারিট ও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের এবার সম্ভাবনা মাত্র ২.৭৮ শতাংশ!

পিএসজির (৪.৬৪%) চেয়ে ভালো সম্ভাবনা রয়েছে চেলসির (৬.৮৬%)। এ নিয়ে চেলসির ফুটবল পরিচালক বার্নার্ড বলেন, ‘দেখুন, এখানে এ পরিসংখ্যানের কোনো নিশ্চয়তা দেয়া যায় না।’

ইউরোপা লিগ জিতে এবার চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাওয়া টটেনহ্যাম সেমিফাইনালে আর্সেনালের সামনে পড়তে পারে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে ১.২২%। টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার গ্যারি মাবুট বলেন, ‘এ পর্যায়ে যেকোনো কিছু ঘটতে পারে এবং প্রতিটি ম্যাচই জেতা সম্ভব। গত বছরও এখানে (ড্র) ছিলাম আমরা। ইউরোপা লিগ খেলেছি আমরা এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি। কাজেই কে জানে, কী হয়।’

পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় চেলসি। এবার চ্যাম্পিয়ন্স লিগে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে। যদিও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কোচ লুই এনরিকে তেমনটি ভাবছেন না। চেলসি ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘অন্যতম সেরা ইংলিশ দলের সঙ্গে খেলাটা হবে রোমাঞ্চকর। তাদের আমরা ভালো করেই জানি। তবে এখানে প্রতিশোধের কোনো বিষয় নেই। এটা সম্পূর্ণ ভিন্ন টুর্নামেন্ট।’