বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে যাওয়ার পর চেন্নাইয়ে ভালো কিছুর স্বপ্ন বুনছিল বাংলাদেশ। তবে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। সেই ব্যাটিং বিপর্যয়, সেই পুরোনো চেহারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই একে একে সাজঘরের পথ ধরছেন টপ অর্ডারের চার ব্যাটার। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৬ ওভার ৪ উইকেট হারিয়ে ৭৮ রান। সাকিব ব্যাট করছেন ৩ রানে। তার সঙ্গী মুশফিক ব্যাট করছেন ১৮ রানে।
এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ই ট্রেন্ট বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু শটটি ঠিকঠাক খেলতে পারেননি। ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। ‘গোল্ডেন ডাক’ হয়ে সাজঘরের পথ ধরলেন লিটন।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন লিটন। মাত্র ১৩ রান করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। আজ আউট হলেন প্রথম বলেই শূন্য রানে।
লিটনের পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তামিমকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দারুণ শুরুও পেয়েছেন তানজিদ তামিম। তবে তা ধরে রাখতে পারলেন না। ৮ম ওভারে লকি ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম (১৭ বলে ৪ বাউন্ডারিতে ১৬)।
মেহেদী হাসান মিরাজ তিন নম্বরে নেমে বেশ রানের গতি সচল করেছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে তিনিও ভুল করে বসেন। ফার্গুসনকে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। ৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ৪টি বাউন্ডারি। এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন সহজ এক বলে। গ্লেন ফিলিপস নিজেও হয়তো আশা করেননি এমন বলে উইকেট পেয়ে যাবেন। আলতো করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে পথে হাঁটেন শান্ত (৮ বলে ৭)।
এর আগে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন।
টস হেরে সাকিব বলেছেন, তিনি কী বেছে নিতেন তা নিয়ে ছিলেন দ্বিধাদ্বন্দ্বে। তবে ব্যাটিং পেয়ে তিনি খুশিই।
উইলিয়ামসন বলেছেন, উইকেট বেশ ভালো এবং রাতের দিকে শিশির পড়তে পারে। উইল ইয়াংয়ের জায়গায় তিনি দলে এসেছেন বলে জানান কেন উইলিয়ামসন।
ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে পরাজিত বাংলাদেশের সামনে এবার আরেকটি বড় চ্যালেঞ্জ। লড়তে হবে টানা দুই বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের সঙ্গে। ওয়ানডে ফরম্যাটে ৪১ ম্যাচের মুখোমুখি লড়াইয়ে তারা ৩০টিতে জিতে এগিয়ে রয়েছে। বিশ্বকাপেও পাঁচ লড়াইয়ে তারাই জিতেছে সবগুলো ম্যাচ। চলতি আসরে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে ও নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে কিউইরা এখন উড়ছে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।










