রোলাঁ গারোঁয় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ছুটছেন ১৩তম শিরোপার দিকে। শুক্রবার রাতে সহজ জয়ে তিনি নাম লেখান ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোয়। ইতালির স্তেফানো ত্রাভালিয়াকে ৬-১, ৬-৪, ৬-০ গেমে হারান তিনি। আগামীকাল শেষ ষোলোয় ২০ বছর বয়সী তরুণ সেবাস্তিয়ান কোরদার বিপক্ষে খেলবেন ৩৪ বছর বয়সী নাদাল।

২৮ বছর বয়সী ত্রাভালিয়া প্রথম সেটে মাত্র ছয় পয়েন্ট পেলেও দ্বিতীয় সেটে ভালো লড়াই করেন। যদিও তা নাদালকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। ‘স্প্যানিশ ম্যাটাডোর’ দ্বিতীয় সেটটি ৬-৪ গেমে জয়ের পর তৃতীয় সেট জিতে নেন বলতে গেলে বিনা বাধায়।

১৯ গ্র্যান্ড স্লামজয়ী নাদাল বলেন, ‘স্তেফানোর মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে এমন স্কোরে জিতেছি কারণ আমি অনেক কিছু ভালোভাবে করতে পেরেছি এবং আগের ম্যাচের চেয়ে অনেক আগ্রাসী টেনিস খেলেছি। আমার সার্ভ ভালো হচ্ছে, আর অনেক উইনারও পেয়েছি। আমি পারফরম্যান্সে বেশ খুশি।’

৯ বছরের মধ্যে প্রথম কোয়ালিফায়ার হিসেবে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন কোরদা। তৃতীয় রাউন্ডে তিনি হারান স্পেনের পেদ্রো মার্টিনেজকে। ১৯৯২ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট পিওতর কোরদার ছেলে সেবাস্তিয়ান শুক্রবার ৬-৪, ৬-৩, ৬-১ গেমের জয় তুলে নেন। এর মধ্য দিয়ে মাইকেল চ্যাংয়ের পর সবচেয়ে কম বয়সী আমেরিকান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। চ্যাং চতুর্থ রাউন্ডে ওঠার সময় বয়স ছিল ১৯ বছর।

বিশ্বের ২১৩ নম্বর খেলোয়াড় কোরদা তিনবারের চেষ্টায় ট্যুর পর্যায়ে কোনো ম্যাচ জিততে পারেননি। যদিও এবার ফ্রেঞ্চ ওপেনে ইতালির আন্দ্রেয়াস সেপ্পি ও যুক্তরাষ্ট্রের ২১তম বাছাই জন ইসনারকে হারিয়ে চমক দেখান। এবার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নাদালের মুখোমুখি হবেন তিনি।

নাদাল তার শৈশবের নায়ক। ত্রাভালিয়ার বিপক্ষে খেলার সময় নাদালের জয়ের ‘প্রার্থনা’ও করেন তিনি। তার প্রতি ভালোবাসা থেকেই নিজের পোষা বিড়ালের নাম রেখেছেন ‘রাফা’। এ নিয়ে কোরদার কথা, ‘এটাই বলছে আমি লোকটিকে কতটা পছন্দ করি।’ একথা শুনে নাদালের প্রতিক্রিয়া, ‘এর কারণ হয়তো আমাকে দীর্ঘদিন যাবত টিভিতে দেখা গেছে, এটাই মূল বিষয়। আরেকটি নেতিবাচক বিষয় হতে পারে, আমার বয়স ৩৪। যাই হোক, এ কথা শুনে আমি খুশি। শুনলাম সে অনেক ভালো খেলছে। সে খুবই তরুণ একটি ছেলে, অনেক শক্তি নিয়ে খেলে। আমার মনে হয় তার সামনে উজ্জ্বল ভবিষ্যত।’

শুক্রবার রাতে তৃতীয় রাউন্ডে জিতেছেন ডমিনিক থিয়েম, আলেক্সান্ডার জেভেরেভ, দিয়েগো শোয়ার্টজম্যান, জন সিনার। 


সূত্র: বিবিসি