চীনের গুয়াংজুতে গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল এশিয়ান গেমসের ১৯তম আসরের। হাংজুর অত্যাধুনিক ‘বিগ লোটাস’ খ্যাত হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্থান পায় চীনের সমৃদ্ধ কৃষ্টি, কালচার, ইতিহাস ও ঐতিহ্য। সঙ্গে দেশটির আধুনিকতার স্বাক্ষর হিসেবে স্থান পায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তি।
গতকাল উদ্বোধন হলেও গেমসের বিভিন্ন ইভেন্টের খেলা আগেই শুরু হয়ে গেছে। এর অন্যতম নারী ক্রিকেট। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। নারী ক্রিকেটের সেমিফাইনালে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাংজুর ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে এ ম্যাচ। আজ দুপুর ১২টায় আরেক সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলংকা। আগামীকাল একই মাঠে একই সময়ে যথাক্রমে ব্রোঞ্জ ও স্বর্ণপদকের লড়াই।
শুক্রবার বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে টসই হয়নি। এতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাইলজ অনুযায়ী বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়। তাতে কোনো বল না খেলেই এশিয়াড ক্রিকেটের শেষ চারে উঠে যায় নিগার সুলতানার দল। তবে আজ অগ্নিপরীক্ষার মুখে পড়বেন তারা। সামনে আজ ভারত।
মেয়েদের ক্রিকেটে মোট নয়টি দেশ অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও থাইল্যান্ড সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পায়। গ্রুপ পর্বে অংশ নেয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং ও মঙ্গোলিয়া। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গ্রুপ পর্বে জয়লাভ করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। গ্রুপে পরাজিত হংকং ও মঙ্গোলিয়া প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। ওই ম্যাচে মঙ্গোলিয়াকে ১৮০ রানে পরাজিত করে শেষ আটের টিকিট পায় হংকং। যদিও বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলারই সুযোগ পেল না দেশটি।
কোয়ার্টার ফাইনালে বেশির ভাগ ম্যাচেই বৃষ্টি হানা দেয়। ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ভারত ২ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। পরে মালয়েশিয়া ২ বলে ১ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সেমিতে ওঠে ভারত। বৃষ্টিতে পণ্ড হয় ইন্দোনেশিয়া ও পাকিস্তান ম্যাচও। র্যাংকিংয়ের বিচারে সেমির টিকিট পায় পাকিস্তান।
চার সেমিফাইনালিস্টের মধ্যে কেবল শ্রীলংকাই জিতে উঠেছে শেষ চারে। হাংজুতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা ৮ উইকেটে থাইল্যান্ডকে হারায়।
আজ জিতলেই রৌপ্য পদক নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হাতছানি দেবে ফাইনাল জিতে স্বর্ণ পদক পাওয়ার। আর ভারতের কাছে হারলে আগামীকাল ব্রোঞ্জ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওইদিনই স্বর্ণের নিষ্পত্তি হবে ফাইনালে।
সেমিফাইনালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ উত্তাপ ছড়াবে। এ বছর বাংলাদেশের মাটিতে দুই দলের ড্র হওয়া ওয়ানডে সিরিজ শেষ হয় হারমানপ্রিত কাউর কাণ্ডে। বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র হওয়াটা তিনি মেনে নিতে পারেননি। ম্যাচ শেষে তাই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন এবং ট্রফি নিয়ে দুই দলের ফটোসেশনের সময় বাংলাদেশ দলের প্রতি আপত্তিকর মক্তব্য করেন। তার আগে মাঠে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। এসব ঘটনায় হারমানপ্রিতকে দুই ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। নিষিদ্ধ থাকায় হারমানপ্রিত খেলছেন না। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি মন্ধানা।
এদিকে, এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে অংশ নিচ্ছে মোট ১৪টি দেশ। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি অংশ নেবে কোয়ার্টার ফাইনালে। আর নয়টি দেশ গ্রুপ পর্ব পেরিয়ে উঠবে কোয়ার্টার ফাইনালে। ৪ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। ৬ অক্টোবর সেমিফাইনাল এবং ৭ অক্টোবর ব্রোঞ্জ ও স্বর্ণের লড়াই।
এদিকে, এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে আজ স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। হাভিয়ের কাবরেরার দল এরই মধ্যে মিয়ানমার ও ভারতের কাছে হেরে বসেছে। মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে ও ভারতের কাছে পেনাল্টি গোলে হেরেছে লাল-সবুজরা। তাতে পরের রাউন্ডে ওঠা হচ্ছে না তাদের।
আজ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মিয়ানমার। চীন টানা দুই জয়ে এরই মধ্যে শেষ ষোলোয় উঠে গেছে। ভারত ও মিয়ানমারের মধ্যে বিজয়ী দল আজ নকআউটের টিকিট নিশ্চিত করবে। পরাজিত দলেরও সুযোগ থাকবে ‘সেরা তৃতীয়’ দল হিসেবে নকআউটে ওঠার। মোট ২১টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি যাবে নকআউটে। আর ছয় গ্রুপে যারা তৃতীয় হবে তাদের মধ্যে সেরা চারটি পাবে শেষ ষোলোর টিকিট।
ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে জাপান, চীন, ইরান, সৌদি আরব, ফিলিস্তিন, কাতার, দক্ষিণ কোরিয়া, বাহরাইন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দল।
এদিকে, নারীদের ফুটবলে জাপানের কাছে ৮-০ গোলে হেরে মিশন শুরু করা বাংলাদেশের নারীরা আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। সাবিনা, কৃষ্ণা ও সানজিদাদের তৃতীয় ও শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে।
হাংজু এশিয়াডে ১৭টি খেলায় বাংলাদেশের ২৪০ জনের বহর অংশ নিচ্ছে। দলীয় ইভেন্ট ক্রিকেট, ফুটবল, কাবাডি। দলীয় ইভেন্ট থেকেই কিছু অর্জনের আশা বাংলাদেশের। ব্যক্তিগত পর্যায়ে দেশকে আশা দেখান দ্রুততম মানব ইমরানুর রহমান।










