নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই সামির বলে কোনো রান না করে বোল্ড হয়েছেন লিটন কুমার দাস। জ্বর থেকে সেরে ওঠে তিন ম্যাচ খেলে আরো একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। এতে দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন বাংলাদেশের।

পরের ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়েছেন দারুণ শুরু করা তানজিদ হাসান তামিমও। তার ব্যাটে বল লেগে ভেঙে গেছে স্টাম্প। ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন তরুণ এই ওপেনার। ফলে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮ রান। সাকিব আল হাসান ৯ আর  মিরাজ ০ রানে অপরাজিত আছেন।

এর আগে টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ : রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।