চীনের হাংজুতে চলতি এশিয়ান গেমসে মাত্র দুটি পদক জিতেছে বাংলাদেশ এবং এ দুটো পদকই এসেছে ক্রিকেটের হাত ধরে। মেয়েদের পর এবার বাংলাদেশের ছেলেরাও ব্রোঞ্জ পদক জিতল। গতকাল ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে ৫ ওভারের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় সাইফ হাসানের দল। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৫ ওভারে এক উইকেটে ৪৮ রান তোলে পাকিস্তান। পরে ডিএলএস মেথডে বাংলাদেশকে ৫ ওভারে ৬৫ রানের কঠিন টার্গেট দেয়া হয়। ৩০ বলে ৬৫ রানের কঠিন এ টার্গেট তাড়া করতে নেমে নিজেদের কাজ আরো কঠিন করে তোলে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন জাকির হাসান (০) সাইফ হাসান (০)। এর পরও জিতেছে বাংলাদেশ। আফিফ হোসেন ১১ বলে ২০ রান করে ভিত গড়ে দেয়ার পর শেষ ওভারে ২০ রান তুলে বাংলাদেশকে জেতান অভিজ্ঞ ইয়াসির আলী। তিনি ১৬ বলের মোকাবেলায় তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৩৪ রান করেন। ইয়াসির আউট হওয়ার সময় দলের প্রয়োজন ছিল ১ বলে ৪ রান। স্পিনার রাকিবুল হাসান বাউন্ডারি মেরে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। পাকিস্তানের আরশাদ ইকবাল তিনটি ও আরফাত মিনহাজ একটি উইকেট নেন। 

এবার এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। যদিও শেষ আটের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২ রানের কষ্টার্জিত জয় পান সাইফ, আফিফরা। এরপর সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে তারা হেরে যান ৯ উইকেটে। 

এশিয়া কাপে ভারত স্বর্ণ জিতেছে, আফগানিস্তান পেয়েছে রৌপ্য। গতকাল দুপুরে একই মাঠে ফাইনাল ম্যাচে আফগানরা ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রান তোলার পর বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে র‍্যাংকিং বিবেচনায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।