বিশ্বকাপে আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলংকা দুর্দান্ত সূচনার পর বেশ কিছু উইকেট হারিয়ে বিপর্যস্ত। এ প্রতিবেদন লেখার সময় সিংহলিজদের সংগ্রহ ছিল ৩৭ ওভারে ১৮৭/৬। চারিথ আসালঙ্কা ১০ ও চামিকা করুনারত্নে ১ রানে ব্যাট করছিলেন।   

দাসুন শানাকা চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিংহলিজদের নেতৃত্ব দেবেন ব্যাটার ও উইকেটকিপার কুশল মেন্ডিস।

শ্রীলংকা দলে দুটি পরিবর্তন। শানাকার জায়গায় এসেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলার মাথিসা পাথিরানার জায়গায় এসেছেন লাহিরু কুমারা। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাঁচা-মরার ম্যাচে।

ওপেনিং জুটিতে ১২৫ রান তুলে শ্রীলংকাকে দুর্দান্ত সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২২তম ওভারে ব্যক্তিগত ৬১ রানে প্যাট কামিন্সের শিকার হন নিশাঙ্কা। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন কুশল পেরেরাও। তিনি ৮২ বলে ৭৮ রান করেন ১২টি বাউন্ডারির সাহায্যে। এরপর বিপর্যয়। ১৫৭/১ থেকে দেখতে না দেখতেই শ্রীলংকার স্কোরটা রূপ নেয় ১৭৮/৫-এ।

৩২.১ ওভার ও ১৭৮/৪ স্কোরের সময় বৃষ্টিতে খেলা বেশ কিছু সময় বন্ধ ছিল। বৃষ্টি থামলে খেলা শুরুর পর দ্বিতীয় বলেই স্টার্কের গতিতে পরাস্ত হয়ে বোল্ড ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে ৯ বলে ২ রান করে রানআউট হয়ে যান (১৮৪/৬)।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে টানা হেরেছে ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অজিরা। লক্ষ্ণৌতে আজ এই দুই হারা দলের লড়াই। দুই দলেরই লক্ষ্য প্রথম জয়।

১০২টি ওয়ানডে ম্যাচের মুখোমুখি লড়াইয়ে অজিরা ৬৩টি জয়ে এগিয়ে রয়েছে সুস্পষ্ট ব্যবধানে, আর লংকানরা জিতেছে ৩৫টি। যদিও গত বছর সর্বশেষ ওয়ানডে সিরিজটা ৩-২-এ জিতেছে শ্রীলংকা।

ওয়ানডে বিশ্বকাপেও ১১ বারের মুখোমুখিতে আধিপত্য করে এসেছে অজিরা। তারা আটটিতে জয়ের কৃতিত্ব দেখায়। অন্যদিকে, শ্রীলংকা জিতেছে দুটি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।