এশিয়া কাপে আজ আফগানিস্তানের
বিপক্ষে ‘নকআউট’ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশ দলের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
শুরু থেকেই অনবদ্য সব শট খেলা নাঈম ৩২ বলে ২৮ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাকে
বোল্ড করেন স্পিনার মুজিব উর রহমান।
দশম ওভারের শেষ বলে আউট
হয়ে যান নাঈম। ৫ বাউন্ডারিতে ঝলমলে ইনিংসটা সাজিয়েছেন বামহাতি এই ব্যাটার। আজ শুরু
থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। যদিও মুজিবের অফস্ট্যাম্পের বাইরে পড়া বলটি তাকে
পরাস্ত করে স্ট্যাম্প ভেঙে দেয়।
এর তিন বল পর আরেক উইকেটের
পতন ঘটে বাংলাদেশের। গুলবাদিন নায়েবের বলে স্লিপে হাশমতউল্লাহ শহিদিকে ক্যাচ দিয়ে সাজঘরে
ফিরে যান তৌহিদ হৃদয়। দুই বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।
এরপর মেহেদী হাসান মিরাজের
সঙ্গে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারশেষে দলের সংগ্রহ
ছিল ৬৮/২। মিরাজ ২৩ ও শান্ত ৪ রানে ব্যাট করছিলেন।
টস শেষে বাংলাদেশ দলনায়ক
সাকিব জানিয়েছেন, আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। ব্যাটার তানজিদ হাসান তামিম,
অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে এসেছেন ব্যাটার
শামীম হোসেন, ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান
মাহমুদ।
পাল্লেকেলেতে প্রথম ম্যাচে
শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। আজ তাই জয়ের বিকল্প নেই টাইগারদের
সামনে। জিতলে সুপার ফোরে ওঠার সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায়।
বাংলাদেশ একাদশ
মোহম্মদ নাঈম শেখ, মেহেদী
হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর
রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার),
ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ
নবি, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।










