বাংলাদেশের এশিয়া কাপ
মিশন শুরু হয়ে গেল। আজ শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে
ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের দল।
তিন পেসার ও তিন স্পিনার
নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বল ঘুরাবেন শেখ
মেহেদী হাসান। আর পেস বোলিংয়ে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আজ অভিষেক ঘটেছে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমের। তিনি তামিম ইকবালের জায়গায় সুযোগ
পেয়েছেন। যদিও অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। রহস্যময় স্পিনার মহিশ থিকসানার
বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। তিন ওভারশেষে দলের সংগ্রহ ৮/১।
এশিয়া কাপের ইতিহাসে সফলতম
দলের মুখোমুখি কখনই শিরোপা না জেতা বাংলাদেশ। শ্রীলংকা ওয়ানডে ও টি২০ মিলে মোট সাতবার
চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ভারত ছয়বার ও পাকিস্তান দুবার শিরোপার স্বাদ পায়। সর্বোচ্চ
চ্যাম্পিয়নের গৌরব নিয়েই আরেকটি এশিয়া কাপ মিশনে নামছে সিংহলিজরা। আর বাংলাদেশ খেলবে
প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে।
স্বাগতিক হিসেবে শ্রীলংকা
বেশ এগিয়ে থাকবে। আবার ওয়ানডে মুখোমুখিতেও অনেক এগিয়ে তারা। ১৯৮৬ সাল থেকে শুরু করে
এখন পর্যন্ত মোট ৫১টি ম্যাচ খেলে সিংহলিজরা জিতেছে ৪০টি, আর বাংলাদেশ জিতেছে ৯টি। যদিও
সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে দ্বীপদেশটি। সর্বশেষ ২০২১ সালের মে মাসে
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লংকানদের ২-১ ব্যবধানে হারায়
বাংলাদেশ। স্বাগতিকরা টানা দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচটিতে হেরে যায়।
যদিও পাল্লেকেলেতে খেলা
বলে আশা থাকছে বাংলাদেশেরও। শ্রীলংকার বিপক্ষে এই মাঠে ২০১৩ সালে একমাত্র ম্যাচ খেলে
জিতেছে বাংলাদেশ। সেই জয় আজ নিশ্চিতভাবেই সাকিবকে বাড়তি উদ্দীপনা জোগাবে।
বাংলাদেশ দলে হানা দিয়েছে
চোট। প্রথমে পেসার এবাদত হোসেন। পরে ব্যাটার ও উইকেটকিপার লিটন দাস। এবাদতের জায়গায়
দলে ডাক পান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর লিটনের জায়গায় অনেকটা বিস্ময়করভাবেই
ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। অথচ তিনি ছিলেন না ৩২ জনের প্রাথমিক তালিকায়, ক্যাম্পেও
তাকে ডাকা হয়নি। নির্বাচকরা বলছেন, লিটনের মতো ডানহাতি ব্যাটার ও উইকেটকিপার হওয়ায়
বিজয়কে দলে ডাকা হয়েছে।
‘বি’ গ্রুপের এই ম্যাচ
খেলে বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে
আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিবরা। একই মাঠে ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলংকা
ও আফগানিস্তান।
‘এ’ গ্রুপে লড়ছে ভারত,
পাকিস্তান ও নেপাল। প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
শনিবার পাল্লেকেলেতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সোমবার
একই মাঠে ভারতের সামনে নেপাল।
গ্রুপ পর্ব শেষে সুপার
ফোরের লড়াই। ওই পর্বের শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। আগামী ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা
স্টেডিয়ামে ষোড়শ এশিয়া কাপের ফাইনাল।
চলতি আসরের মোট ১৩টি ম্যাচের
মধ্যে পাকিস্তানে চারটি ও শ্রীলংকায় নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড
মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ
হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর
রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা স্কোয়াড
পাথুম নিশাঙ্কা, দিমুথ
করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা,
দাসুন শানাকা, দুনিথ ভেলালাগে,
মহিশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।










