পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। আইসিসির হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।
সিরিজে চার ইনিংসে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ২৫৩ রান করে সিরিজসেরা হন মুশফিক। এর সুবাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে তিনি এখন ১৬ নম্বরে। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান। এর আগে তার সেরা র্যাঙ্কিং ছিল ১৭। শুধু মুশফিক একাই নন, বাংলাদেশের আরেক ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসও র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। সিরিজে ২৩৯ রান করার সুবাদে তিনি ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪তম স্থানে।
টেস্ট বোলারদের হালনাগাদ র্যাঙ্কিংয়েও একই চিত্র দেখা গেছে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বামহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। আগের সেরাটি ছিল ১৩ নম্বর। পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিংও (৭৩২)।
অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫তম স্থানে। পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া তাইজুল ইসলাম টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।










