ভারতের দারুণ শুরুর পর কলম্বোতে হানা দিয়েছে ঝড়-বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা আর শুভমান গিল রীতিমতো তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানি বোলারদের ওপর। উদ্বোধনী জুটিতেই তারা ১০০ বলে তুলে দেন ১২১ রান।

মারকুটে এই জুটি অবশেষে ভাঙেন শাদাব খান। রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানান পাকিস্তানি এই লেগস্পিনার। ৪৯ বলে রোহিতের ৫৬ রানের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ৪ ছক্কার মার।

পরের ওভারে আরেক মারকুটে ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। তার লেগকাটার বুঝতে না পেরে ব্যাট পেতে দেন গিল, কভারে সহজ ক্যাচ নেন শাদাব। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান করে ফেরেন গিল।

টানা দুই ওভারে দুই হাফসেঞ্চুরিয়ানকে সাজঘর দেখিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। উইকেটে আছেন বিরাট কোহলি ৮ আর লোকেশ রাহুল ১৭ রান নিয়ে। ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দিয়েছে। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।