ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তীকালীন সরকার হাল ধরেছে দেশ সংস্কারে। এর পর পরই প্রলয়ংকরী বন্যা। বন্যাদুর্গতদের সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছিল সর্বস্তরের মানুষ। সবার চেষ্টা ও আন্তরিকতায় একটু একটু করে স্বাভাবিক হচ্ছে সার্বিক পরিস্থিতি।

তবে স্বস্তি ফেরেনি জনজীবনে, নেই আনন্দ। সেটি ফেরাতেই এগিয়ে এসেছে দেশের ওটিটি প্লাটফর্ম চরকি। প্লাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘‌ফরগেট মি নট’। রাজনীতির পালাবদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন জগৎ, তখন শিল্পের গতি ফেরাতেই কনটেন্ট মুক্তির সাহসটা দেখাল চরকি।

‘‌মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ফরগেট মি নট। তাই বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘‌সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘‌মনোগামী’ ও ‘‌কাছের মানুষ দূরে থুইয়া’। এগুলো যেমন দর্শক পছন্দ করেছে, ফরগেট মি নটও দর্শকের চাহিদা মেটাবে বলে আশা পরিচালকের।

ফরগেট মি নট ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘‌ঊনলৌকিক’ ও ‘‌ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টই অনেক জনপ্রিয়। বিশেষ করে তার নির্মাণশৈলী ও সংলাপে মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। এবারো তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি। ওয়েব ফিল্ম নিয়ে তেমন কিছু বলতে চাননি। শুধু জানিয়েছেন, দর্শক স্বস্তিতে ফিরুক। সেটি যদি তার ফিল্মটি নিয়ে আসতে পারে, তাহলেই তিনি খুশি।

এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পী। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। দর্শক চরকিতে ওয়েব ফিল্মটি দেখতে পাবেন আগামী ৫ সেপ্টেম্বর রাত থেকে। ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ। পোস্টারে একে অন্যের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, আর আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে। যার ক্যাপশনে লেখা, ‘‌হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল’? আসলে কী হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।