বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি সিনেমা ‘ডট’। সিনেমাটি এরই মধ্যে দেশীয় দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ৫ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা বড়ুয়া সুনন্দা কাঁকন। সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হতে যাচ্ছে।

আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে সিনেমাটি প্রদর্শিত হবে। এরপর এটি পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি রাজ্যে প্রদর্শিত হবে। সিনেমটির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট এবং এতে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একঝাঁক প্রভাবশালী অভিনেতা-অভিনেত্রী, যারা সবাই ইংরেজিতে সংলাপ উপস্থাপন করেছেন।

সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমুখ। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন বড়ুয়া মনোজিত ধীমন।

‘ডট’ সিনেমাটি নদীপাড়ের সাধারণ মানুষের প্রেম, ভালোবাসা, সংগ্রাম এবং টানাপড়েনের গল্প তুলে ধরেছে। এটি নির্মাণের সময় নদীপাড়ের প্রকৃত দৃশ্য ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গল্পের প্রাসঙ্গিকতা আরো বাড়িয়েছে। পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য ছিল দেশীয় গল্পকে আন্তর্জাতিক মানের সিনেমায় রূপান্তর করা। ‘ডট’ সেই প্রচেষ্টার ফল।’