ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর এবার বক্স অফিস মাতাচ্ছে আলিয়ার আরআরআর। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আরআরআরে আলিয়ার অভিনীত একাধিক দৃশ্য বাদ দেয়ায় রাজামৌলির ওপর চটেছেন তিনি। তবে আলিয়া সাফ জানিয়ে দিয়েছেন, এটা কেবল গুঞ্জন।

সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। তবে আরআরআরে খুব সংক্ষিপ্তভাবে দেখানো হয়েছে আলিয়ার অভিনয়ের অংশ, এমনকি কিছু অংশ বাদ দেয়া হয়েছে সিনেমাটি থেকে। এজন্যই নাকি দক্ষিণি খ্যাতিমান পরিচালক রাজামৌলির ওপর ক্ষোভ আলিয়ার।

সিনেমাটি মুক্তির আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু পোস্ট করেছিলেন এ অভিনেত্রী। তবে হুট করেই আরআরআর নিয়ে করা তার পোস্টগুলো মুছে ফেলেছেন আলিয়া ভাট। এ থেকেই নেট দুনিয়ায় রটে যায় রাজামৌলির ওপর ক্ষুব্ধ আলিয়া ভাট। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবলী পরিচালককে আনফলো করে রেখেছেন গাঙ্গুবাই অভিনেত্রী।

আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে জানিয়েছেন এ নিয়ে। তিনি লেখেন, ‘আমাকে বিভিন্ন জায়গা থেকে অনবরত শুনতে হচ্ছে আমি আরআরআর-সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছি, কারণ এ সিনেমায় টিম ও পরিচালকের সঙ্গে আমার সমস্যা হয়েছে। তবে এটা পুরোটাই গুজব। আমি সবাইকে অনুরোধ করছি নিজের মনগড়া কোনো কিছু ভেবে নেবেন না। সম্পূর্ণ সত্যিটা না জেনে এমন কোনো মন্তব্য করবেন না, যাতে সিনেমাটির ক্ষতি হতে পারে। আমি সবসময়ই ইনস্টাগ্রাম একটু হালকা রাখতে পছন্দ করি। তাই পুরনো নানা কিছু পোস্ট কিংবা ভিডিও মুছে দিয়েছি। এটা নতুন কিছু নয়, আমি অনেক খুশি আরআরআর সিনেমায় কাজ করতে পারার জন্য।’

এ নিয়ে আলিয়া আরো লেখেন, ‘শুধু রাজামৌলি স্যারের জন্য আমি আজ পুরো বিষয়টা নিয়ে বলছি। রাজামৌলি স্যার এবং তার পুরো টিম দীর্ঘ সময় ধরে আরআরআর নির্মাণ করেছেন। এক কথায় এটা একটি অসাধারণ সিনেমা।’ 

 

সূত্র: পিংকভিলা