পূজা চেরি, একসময়ের শিশুশিল্পী পূজা এখন পুরোদস্তুর নায়িকা। এ ঈদে মুক্তি পাচ্ছে তার দুটি সিনেমা। গলুই ও শান। গলুইতে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। শানে দেখা যাবে সিয়াম আহমেদকে। দুই সিনেমা ও ঈদ নিয়ে পূজা চেরি কথা বলেছেন বণিক বার্তার সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মুহাম্মাদ আসাদুল্লাহ 

ঈদের বড় দুটি সিনেমার নায়িকা পূজা চেরি। তাহলে যা দাঁড়াচ্ছে, পূজার প্রতিদ্বন্দ্বী পূজা?

আমি প্রতিদ্বন্দ্বী শব্দটাই খুব অপছন্দ করি। আমার সঙ্গে অন্য কারো ছবি এলেও সেটাকে প্রতিদ্বন্দ্বিতা মনে করি না। আমার ভালো লাগা কাজ করছে। যদি আরো বেশি সিনেমা মুক্তি পেত আরো ভালো লাগত। যেহেতু আমার দুটি সিনেমা আসছে, আমি এ দুই সিনেমা নিয়েই ঈদ উদযাপন করতে চাই।

ঈদের দুই সিনেমা নিয়ে প্রত্যাশা কেমন?

আমি যখন কোনো সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিই, হ্যাঁ বলি, প্রত্যাশা রেখেই বলি। যত দিন যাচ্ছে তত ভালো লাগছে। গলুই ও শানের কথা মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। মানুষের কাছ থেকে যখন কোনো ফিডব্যাক পাই তখন প্রত্যাশা আরো বাড়ে।

কোনটাকে এগিয়ে রাখবেন?

শান যদি বাবা হয়, গলুই মা। আবার গলুই যদি বাবা হয়, শান আমার কাছে মা। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না।

শান নিয়ে প্রত্যাশা কেমন?

শান নিয়ে প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরনের কনটেন্ট দেখেছি। এগুলো যত দেখছি, প্রত্যাশা আরো বাড়ছে। আর যদি কোনো কিছু মন থেকে চাই, সেটা আসলেই হয়।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

ছবিটির শুরু থেকেই এক্সাইটেড ছিলাম। কারণ শাকিব খান দেশের শীর্ষ নায়ক। শুটিংয়ে তাকে দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে। ভয়ে ছিলাম তিনি আমাদের সঙ্গে মেশেন কিনা এসব ভেবে। কিন্তু দেখলাম খুব অল্প সময়ে শাকিব খান সবার সঙ্গে মিশে গেলেন। আমাদের সঙ্গে নিয়ে দারুণভাবে কাজ শেষ করলেন। শুটিংয়ে তার থেকে অনেক কিছু শেখাও হয়েছে আমার।

সিনেমা মুক্তি পাচ্ছে অথচ পাশে নায়ক নেই। শাকিব খানকে মিস করছেন?

অবশ্যই এ সময়টায় শাকিব খানকে মিস করছি। যদি পাশে কেউ থাকে, ব্যাপারটা বেশি ভালো লাগে। তিনি পাশে থাকলে প্রমোশনে আগ্রহ আরো বাড়ত। তার পরও তিনি যুক্তরাষ্ট্র থেকে সাপোর্ট করছেন। কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করছেন। ভালোই লাগছে।

ঈদের পরিকল্পনা কী?

ওই একই। শান নিয়ে থাকব। গলুই নিয়ে থাকব। সিনেমা হলে যাব। দর্শকদের সঙ্গে সিনেমা দেখব। আপাতত এটাই।

কোন কোন হলে যাবেন?

এখনো ঠিক করিনি। ঈদ আসুক তখন বুঝতে পারব।

গলুই না শান, কোন সিনেমাটা আগে দেখবেন? 

এটা একটা চমক থাকুক।