জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’। দলটির ২১তম প্রযোজনা এ নাটক। অনিকেত পালের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় এতে অভিনয় করেছেন স্মরণ সাহা। ফরিদপুরের বিনোদন নাট্যদল আয়োজিত প্রয়াত নাট্যজন মুন্সী মুহাম্মাদ আলী রুমি স্মরণে কাদামাটির একটি মঞ্চায়ন হবে। ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়ন হবে এ নাটকের।

কাদামাটি কেবল একটি নাটক নয়, বরং এটি মানুষের শিকড়, একাকিত্ব ও জীবনের বাস্তবতার গল্প। নাটকটিতে দেখা যাবে, জীবিকার তাগিদে কিংবা স্বপ্নপূরণের আশায় মানুষ যখন জন্মভূমি ছেড়ে যায়, তখন কেমন করে সে নিজেকে চারপাশের ভিড়ের মাঝেও নিঃসঙ্গ মনে করে। শহরের ঝলমলে আলো তার অস্তিত্বকে আড়াল করে দেয়, অথচ হৃদয়ের গভীরে মাতৃভূমির কাদামাটির টান সবসময় তাকে টেনে নিয়ে যায় শিকড়ের কাছে। পরিচালক দেবাশীষ ঘোষ বলেন, ‘কাদামাটি মানুষের যাপিত জীবনের মহাকাব্য। এখানে একদিকে রয়েছে প্রবাসী জীবনের শূন্যতা, অন্যদিকে শিকড়ের টান। মানুষ যতই নতুন শিকড় গড়ুক, মনের গভীরে মাতৃভূমির কাদামাটির সোঁদা গন্ধ তাকে ভুলতে দেয় না।’

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে প্রযোজনাটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। তারা আশা করছেন, দর্শক নিজেদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের প্রতিচ্ছবি এ নাটকের ভেতর খুঁজে পাবেন।

নাটকের মঞ্চায়নে যুক্ত আছেন সেট ও লাইট ডিজাইনে পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, পোস্টার ডিজাইনে সোয়েব হাসনাত মিতুল, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি ও শ্রেয়া সাহা স্বর্ণা। পাশাপাশি ব্যবস্থাপনায় রয়েছেন বিশ্বজিৎ পাল (গৌরাঙ্গ), মঞ্চ ব্যবস্থাপনায় বাহারুল ইসলাম বাহার ও প্রযোজনা অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আজিম উদ্দিন।