দক্ষিণি তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’
গত বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা। সিনেমার গানগুলোও ঝড় তুলেছিল। বিশেষ করে আইটেম গানটির জনপ্রিয়তা এখনো চলমান। পুষ্পার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইটেম গানে দেখা যায় দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। তবে সিনেমাটির সিকুয়ালে তার বদলে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে।
তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পায় পুষ্পা। সিনেমাটির ‘উঁ বলেগা’
শিরোনামের আইটেম গানটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায়। গানটিতে অসাধারণ নাচের জন্য প্রশংসা পান সামান্থা রুথ। পুষ্পার এ আইটেম গানের জন্য একাধিক অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছিল। তবে সামান্থা সে প্রস্তাব ফিরিয়ে দেননি। এমনকি গানটির জন্য দিশা পাটানিকেও প্রস্তাব দেয়া হয়েছিল। তবে পুষ্পার পরবর্তী সিকুয়াল পুষ্পা: দ্য রুলে দর্শক দেখতে পাবেন দিশা পাটানিকে। সিনেমাটির পরিচালক সুকুমারের পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত এসেছে বলে জানাচ্ছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
গানটির জন্য সামান্থা রুথের পারিশ্রমিক নিয়ে মিশ্র মন্তব্য রয়েছে। সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যায়, গানটির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন সামান্থা রুথ। তবে কিছু ভারতীয় সংবাধমাধ্যমের মতে পারিশ্রমিকের পরিমাণ ৫ কোটি রুপি।
সম্প্রতি ‘ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড’
অনুষ্ঠানে সামান্থা জানান, পুষ্পা: দ্য রাইজের আইটেম গানের জন্য তিনি সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। সবার অনুভূতি দেখে তিনি মুগ্ধ। গানের সাফল্যে বেশ খুশি এ অভিনেত্রী। তবে নতুন সিকুয়ালে দিশা সামান্থাকে টপকে যেতে পারেন কিনা এটাই দেখার বিষয়।
২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় দক্ষিণ ভারতীয় সিনেমা পুষ্পা। আল্লু অর্জুনের বিপরীতে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা ছিলেন এতে। মুক্তির দুদিনেই সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। সিনেমাটির মোট আয়ের পরিমাণ প্রায় ৪০০ রুপি।
সূত্র: কইমই ডটকম










