দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা দুলকার সালমান। তবে অভিনয় জীবন শুরুর সময়টা সুখকর ছিল না তার। সম্প্রতি এক সাক্ষাত্কারে এ তারকা বলেন, ‘শুরুর দিকে আমাকে নিজের মনের ভেতরের ভয়ের সঙ্গে লড়াই করে কাজ করতে হয়েছে। কারণ আমার বাবা মামুত্তি এক জনপ্রিয় সফল তারকা।’

সাক্ষাত্কারে দুলকার সালমান বলেন, ‘যখন আমি কাজ শুরুর সময়ে জানতাম না আমি পারব কিনা। ইন্ডাস্ট্রিতে আসার সময় আমার অনেক শঙ্কা ছিল। আমার বাবা একজন সফল তারকা। তাই বাবার মতো সফল কিংবা তার সম্মান ধরে রাখতে পারব কিনা এটা নিয়েই আমার বেশি চিন্তা ছিল। এমন নয় যে আমাকে তার মতো ভালো হতে হবে, তবে আমি তাকে কোনোভাবেই বিব্রত করতে চাইনি।’

দুলকার সালমান আরো বলেন, ‘আমার ক্যারিয়ারের সফলতার পেছনে আমার সিনেমাগুলোর অনেক ভূমিকা ছিল। এর কারণ শুরুর দিকেই আমি কিছু অসাধারণ সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি। যাদের সঙ্গে কাজ করেছি তারা আমাকে অনেক সহায়তা করেছেন। দুর্দান্ত পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। আমি ভিন্ন ভাষার সিনেমাতেও কাজ করেছি, যেটা আমাকে সফল হতে সাহায্য করেছে। কারণ আমি জানতাম এটা কঠিন কিন্তু আমাকে সফল হতে সাহায্য করবে।’

২০১২ সালে ক্রাইম-থ্রিলার সিনেমা সেকেন্ড শো দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সালমান। অঞ্জলি মেননের বেঙ্গালুর ডেজ, সাই পল্লবী অভিনীত কালী, চার্লি ও কুরুপের মতো বক্স অফিস হিট সিনেমায় কাজ করেছেন দুলকার সালমান। মণি রত্নমের তামিল রোমান্টিক কমেডি ও কাডাল কানমানি সিনেমা দিয়ে প্রশংসা অর্জন করেছিলেন তিনি। ২০১৮ সালে কারওয়া সিনেমার মধ্য দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক করেন এ তারকা। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন ইরফান খান।

দুলকার সালমানকে পরবর্তী সময়ে আর বালকির চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট এবং পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে-র নেটফ্লিক্স সিরিজ গানস অ্যান্ড গুলাবসে দেখা যাবে। এ সিরিজে তার সঙ্গে রাজকুমার রাও এবং আদর্শ গৌরবও রয়েছেন।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস