আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জ্যেষ্ঠ সন্তান ও আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বিশেষ এ দিনকে ঘিরে টিভি পর্দায় থাকে বিভিন্ন আয়োজন। প্রতি বছর এ দিনে বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নানা আয়োজন করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানসূচি সেজেছে নতুন সাজে। আজ বিটিভিতে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার হবে। তথ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে গণতন্ত্র, তারুণ্য, উন্নয়ন ও সাফল্য নিয়েও বিশেষ বিশেষ অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছে জাতীয় গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ।
সকাল সাড়ে ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। ‘কৃষকের হৃদয়ে শেখ হাসিনা’ প্রচার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। সংগীতানুষ্ঠান প্রচার হবে দুপুর ১২টা ২০ মিনিটে। ‘তারুণ্যের ভাবনায় শেখ হাসিনা’ প্রচার হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। চলচ্চিত্র ‘হাসিনা আ ডটারস টেল’ প্রচার হবে বেলা ২টা ৩৫ মিনিটে। বিকাল ৪টায় থাকছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠান ‘শান্তির দূত’। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বিশেষ আলোচনানুষ্ঠান ‘শেখ হাসিনা কোটি প্রাণের ভালোবাসা’ প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানের মাঝে প্রচার হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স।










