ঢাকাই সিনেমার পরিচিত মুখ নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। উপস্থাপনা আর মডেলিংয়েও সমানভাবে দক্ষ এ নায়িকা। বৃহস্পতিবার কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘আবারো বিবাহ অভিযান’। সৌমিক হালদার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। তিনদিন সিনেমাটির প্রচারে কলকাতায়ই ব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন নুসরাত ফারিয়া।

অভিনেত্রী বলেন, ‘অঙ্কুশ আর আমার নতুন সিনেমা মুক্তি পেল বৃহস্পতিবার। এ সিনেমার প্রচারণার জন্যই কলকাতা গিয়েছিলাম। টানা তিনদিন প্রচারণা শেষে ঢাকায় ফিরেছি। তবে কলকাতায় সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার সুযোগ হয়নি। কারণ ঢাকায় আরো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে চলে আসতে হয়েছে। দুটো খুব ভালো খবর আছে। শিগগিরই সবাইকে জানাব। আর নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে আমার আর অঙ্কুশের রসায়ন আশা করছি আরো ভালো লাগবে।’

বর্তমান সময়ে ঢাকার সিনেমা ছাড়িয়ে কলকাতার সিনেমায়ও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। নতুন কাজের খবর জানতে চাইলে তিনি জানান, কলকাতা থেকে ফেরার আগে তিনি বাবা যাদবের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে বুধবার আনুষ্ঠানিক মহরত হয়ে গেছে। মহরতের কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন নুসরাত ফারিয়া। পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফির সুখ্যাতি আছে বাবা যাদবের। নুসরাত ফারিয়ার গানগুলোর মিউজিক ভিডিও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। এবার তার সিনেমার নায়িকা হিসেবে থাকছেন নুসরাত। 

নতুন সিনেমার সঙ্গে ফারিয়া পেলেন নতুন নায়ক। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা সোমরাজ মাইতিকে। এ অভিনেতা টিভি সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছেন। ফারিয়া অভিনীত আরো একটি সিনেমা কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমার নাম রকস্টার। এছাড়া ‘ভয়’ সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন অভিনেত্রী। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা। ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে ভয় প্রযোজনা করেছেন সন্দীপ জয়সওয়াল। এ সিনেমায় নুসরাতকে দেখা যাবে সাধারণ একজন বাঙালি মেয়ের চরিত্রে, যিনি শিক্ষকতা করেন। অন্যদিকে অঙ্কুশ থাকছেন একজন সাঁতারের প্রশিক্ষকের চরিত্রে। সিনেমাটি নিয়ে ফারিয়া বলেন, ‘অঙ্কুশের সঙ্গে আমার প্রথম সিনেমা আশিকী। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভয়ের কাজ শুরু হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে এরই মধ্যে কলকাতায় এর শুটিংয়ের কাজ শেষ হয়েছে। ভয় সিনেমাটির গল্প চমৎকার। অঙ্কুশের সঙ্গে কাজের বোঝাপড়াটা এক কথায় দারুণ। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’

আরজে হিসেবে মিডিয়ায় যাত্রা করেন ফারিয়া, এরপর উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘‌মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়ও নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘অপারেশন সুন্দরবন’।