দক্ষিণি সিনেমার জনপ্রিয় মুখ রাশি খান্না। জনপ্রিয় এ অভিনেত্রী বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন কাজ নিয়ে। তবে মা দিবসে নিজ শহরে ফিরে চমকে দিয়েছেন তার মাকে। মা দিবস উপলক্ষে মাকে একটি প্রিমিয়াম বিএমডব্লিউ ৭৪০ গাড়ি উপহার দিয়েছেন রাশি। বিলাসবহুল গাড়িটির মূল্য ১ কোটি ৪০ লাখ রুপির বেশি।

মায়ের বিলাসবহুল গাড়ির স্বপ্ন সত্যি করতেই এমনটা করেছেন এ অভিনেত্রী। মায়ের প্রিয় ক্ল্যাসিক নীল রঙের গাড়ি উপহার দিয়েছেন রাশি। গাড়িটির ভেতরের অংশে রয়েছে গাঢ় বাদামি রঙ, যেটি এর আভিজাত্য বাড়িয়েছে।

গাড়িটি বাড়িতে এনে বাবা-মায়ের সঙ্গে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন রাশি খান্না। সামাজিক মাধ্যমেও ছবি প্রকাশ করেছেন এ তারকা। এছাড়া বাড়ির সামনে গাড়ির সঙ্গে মায়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করার কিছুক্ষণ পর থেকেই তারকা আর ভক্তদের শুভেচ্ছা বার্তা পান রাশি।

ধর্মা প্রডাকশনের যোদ্ধা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে রাশি খান্নার। এছাড়া দক্ষিণি সিনেমার কাজ চালিয়ে যাচ্ছেন ব্যস্ত এ অভিনেত্রী। এছাড়া শিগগিরই জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে শহিদ কাপুর, ফারজির সঙ্গে অভিনয় করবেন রাশি।

২০১৩ সালে মাদ্রাজ ক্যাফে সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন এ অভিনেত্রী। এরপর ফিরে তাকাতে হয়নি তাকে। একাধিক সফল সিনেমায় কাজ করেছেন রাশি খান্না।

 

সূত্র: বলিউড হাঙ্গামা