অভিনয়ের পাশাপাশি এখন উপস্থাপনায়ও নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছেন সারিকা। করোনার সময় বাংলাভিশনের জনপ্রিয় টক শো ‘আমার আমি’ দিয়ে উপস্থাপনায় যাত্রা শুরু তার। প্রথম দিকে বেশ নার্ভাস থাকলেও পাঁচ বছরের বেশি সময় ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে করতে এখন তিনি বেশ অভ্যস্ত ও আত্মবিশ্বাসী। সারিকা উপস্থাপনাটাই সবচেয়ে বেশি উপভোগ করছেন।
সারিকার প্রিয় অনুষ্ঠানটিতে শুধু নাটকের শিল্পীরাই নন, সংগীত, সিনেমা ও সংস্কৃতির নানা অঙ্গনের তারকা আসেন অতিথি হয়ে। যাদের সঙ্গে হয়তো কখনো দেখা বা কথা বলার সুযোগ হতো না, আমার আমি সে সুযোগ এনে দিচ্ছে তাকে। সারিকার ভাষায়, এ অনুষ্ঠান তাকে ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করছে।
এ বছরে দেশের বাইরেও দারুণ সময় কাটিয়েছেন তিনি। এর আগে ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসেও ভ্রমণ করেছেন সারিকা। যেহেতু তিনি গত তিন বছর নাটকে অভিনয় করছেন না এবং আপাতত শুধু আমার আমি নিয়েই ব্যস্ত, তাই সুযোগ পেলেই পৃথিবীর নানা জায়গা ঘুরে দেখছেন নিজের মতো করে।
গ্রিস থেকে ফিরে আবার ব্যস্ত হয়ে উঠেছেন আমার আমি নিয়ে। সারিকা জানান, শুরুতে উপস্থাপনা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ এটি ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। এখন তিনি কাজটি দারুণ উপভোগ করেন। নতুন অতিথিদের সঙ্গে কথোপকথন তাকে আরো সমৃদ্ধ করছে এবং নানা অজানা তথ্য জানার সুযোগ দিচ্ছে।
প্রবাসীদের ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি। বিদেশে যেখানে গিয়েছেন, সেখানেই প্রবাসী বাঙালিদের কাছ থেকে পেয়েছেন অগাধ সম্মান।
সারিকাকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফির ওটিটি কাজ ‘আমলনামা’-য়। এছাড়া তিনি আব্দুল্লাহ সাদের একটি প্রজেক্টেও কাজ করেছেন।










