পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। এ বছরের শুরুতে ঢাকায় জমজমাট পারফরম্যান্স দিয়ে দর্শকের মন কাড়ে কাভিশ। এ বছরের শেষ দিকেও তাদের নিয়ে বড় আয়োজন করেছিল প্রাইম ওয়েব কমিউনিকেশনস। ভেনু ছাড়া প্রায় সব প্রস্তুতি সম্পন্ন ছিল, ব্যান্ড সদস্যরাও ঢাকায় এসে পৌঁছেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে আয়োজকরা ভেনুর চূড়ান্ত অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় এই কনসার্ট। ফলে কাভিশকে এবার কোনো গান না গেয়েই বাংলাদেশ ছাড়তে হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ভোরেই ঢাকায় নামে কাভিশ। বিমানবন্দরে তোলা ব্যান্ডের ছবি ফেসবুকে পোস্ট করে আয়োজকরা জানান, মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে হবে কনসার্টটি। এতে কাভিশ ছাড়াও অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ বেশ কয়েকজন শিল্পীর। ফলে আয়োজকদের পাশাপাশি দর্শকরাও এ আয়োজন ঘিরে ছিল ব্যাপক উচ্ছ্বসিত।

গতকাল আয়োজক প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, তাদের প্রস্তুতিতে কোনো ধরনের গাফিলতি ছিল না। বরং শুরু থেকেই তারা ভেনু নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করে গেছেন। আশ্বাস পাওয়ার পরও শেষ মুহূর্তে অনুমতি না মেলায় তারা অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের ভাষায়, এভাবে হুট করে কনসার্ট বাতিল হওয়া শুধু আয়োজকদের নয়, দেশের সংগীতপ্রেমী শ্রোতাদের জন্যও বড় ধরনের হতাশা। সংগীতসংশ্লিষ্ট অনেকেই বিষয়টিকে উদ্বেগজনক ও নিরুৎসাহজনক বলে মন্তব্য করেছেন।

কনসার্টটি গতকাল বিকাল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুধু ভেনু অনুমতির জটিলতায় বাধাগ্রস্ত হলো এ আয়োজন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করে কাভিশ। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো জনপ্রিয় গানে পাকিস্তান ছাড়িয়ে ভারত ও বাংলাদেশেও ব্যাপক পরিচিতি পায় ব্যান্ডটি।