ভারতে মোগলদের আগমন ও তাদের সাম্রাজ্যের গোড়াপত্তনের ইতিহাস নিয়ে আগস্টে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দি এম্পায়ার’। নিখিল আদভানি পরিচালিত এ সিরিজে সম্রাট বাবরের শত্রু শায়বানি খানের চরিত্রে দেখা গেছে ডিনো মোরিয়াকে। এ সিরিজের মাধ্যমে বহুদিন পর অভিনয়ে ফিরেছেন বলিউডের গুড লুকিং এ নায়ক। এরই মধ্যে দি এম্পায়ার সিরিজে ডিনোর লুক ও অভিনয় প্রশংসিত হয়েছে।

১৯৯৯ সালে বলিউডে পা রাখেন ডিনো। নতুন সহস্রাব্দের প্রথম দশকে বড় পর্দায় সক্রিয় ছিলেন তিনি, কিন্তু এরপর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। ২০০২ সালে মুক্তি  পেয়েছিল ডিনো ও বিপাশা বসুর বক্স অফিস হিট ছবি রাজ। কিন্তু এরপর সাফল্যের গ্রাফ নিচে নামতে শুরু করে। পরবর্তী সময়ে ব্যবসা শুরু করেন ডিনো। তবে অনেক টাকা লোকসান হওয়ার পর শেষমেশ নিজের প্যাশন অভিনয়ের দুনিয়ায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডিনো বলেন, আমি ও আমার বন্ধু মিলে মার্চেন্ডাইজিং কোম্পানি খুলি। আমরা তারকাদের পোশাক বানাতাম। এরপর আমরা ই-কমার্স ব্যবসা শুরু করি, তবে কোনো কিছুই পরিকল্পনামাফিক হচ্ছিল না। অনেক ব্যবসায় বিনিয়োগ করলেও সবখানেই লোকসান হয়। পরবর্তী সময়ে উপলব্ধি করি, আসলে আমার ভালোবাসা শোবিজে। জিসম-২-এর মধ্য দিয়ে আমি প্রযোজনায় নামি। কারণ ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এটা ছিল গুরুত্বপূর্ণ। তবে টাকার জন্য না, কাজের মাধ্যমে ভালো থাকার জন্য।

ক্যামেরার মুখোমুখি হওয়ার এটাই উত্তম সময় বলে উপলব্ধি করেন ডিনো মারিয়া। তিনি আরো বলেন, যেহেতু এটা ভালোবাসি তাই আমি ক্যামেরার সামনে আসতে চাই। জিসম-২-এর পর চলচ্চিত্রের বাজার বিষয়ে ধারণা নিতে দিল্লি গিয়েছিলাম। এখন অভিনয়ে সুযোগ খোঁজার পাশাপাশি প্রযোজনার দিকেও মনোযোগ দিচ্ছি। আমার পুরো প্রডাকশন টিম ঠিকঠাক গোছানো হয়ে গেছে। আমরা দ্রুত এগোচ্ছি।

ডিনো মারিয়া বর্তমানে তিনটা শো নিয়ে কাজ করছেন। একই সঙ্গে তার প্রডাকশন হাউজ দুটো ছবি নিয়ে কাজ করছে। এগুলো নিয়ে তারকাদের সঙ্গে আলাপও করছেন ডিনো। ওটিটি প্লাটফর্মের সঙ্গেও তিনি তার কনটেন্ট ভাবনা নিয়ে আলোচনা করছেন। ডিনো বলেছেন, তিনি ওটিটির জন্য ভালো কনটেন্ট তৈরিতে আগ্রহী।

বক্তব্যের শেষে এ অভিনেতা আরো যুক্ত করেন, ৯-১০ বছর পর ফের বলিউডে ফিরেছি। আমার নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এখন শুধু কিছু ভালো কাজ করতে চাই। মুখ বুজে এ কয়টা বছর পরিশ্রম করেছি নিজের পেছনে। এখন হয়তো তার ফল পাচ্ছি।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া