হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ সাম্প্রতি হলিউডের নারীদের প্রতি বৈষম্য নিয়ে কথা বলেছেন। এ তারকা বলেন, দীর্ঘ সময় ধরে তিনি হলিউডে বৈষম্যের শিকার হয়েছেন। 

দ্য মাস্ক, মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং ও দেয়ার সামথিং অ্যাবাউট মেরির মতো বেশকিছু আলোচিত সিনেমায় কাজ করেছেন ৪৯ বছর বয়সী এ অভিনেত্রী। রোমান্টিক গল্পে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। ২০১৪ সালের দিকে হঠাৎই অভিনয় থেকে সরে যান ক্যামেরন ডিয়াজ। তিনি বলেন, ‘১৯৯০ থেকে ২০০০-এর সময়টায় হলিউডে নারীদের সঙ্গে বৈষম্য ছিল স্বাভাবিক ঘটনা।’ 

আন্তর্জাতিক নারী দিবসে উপস্থাপক মিশেল ভিসেজের রুল ব্রেকার্স পডকাস্ট শোয় এসে ক্যামেরন ডিয়াজ বলেন, ‘ওই সময় সবাইকে সচেতন করতে আমার যা করা উচিত ছিল আমি সেভাবে কাজ করতে পারিনি। ১৯৯০-এর শুরুর দিকের সময়ের একটি ঘটনা এখনো আমাকে নাড়া দেয়। নারী হওয়ার কারণে সে সময়ে আমাকে খুব বাজেভাবে বৈষম্যের শিকার হতে হয়েছিল। তখন হলিউডে নারীদের অনেক অধিকার কেড়ে নেয়া হতো এবং এ ধারা এখনো অব্যাহত রয়েছে। আর এটাকে বেশ স্বাভাবিক বলে মনে করা হয়।’

ক্যামেরন আরো বলেন, ‘সবসময় চেষ্টা করেছি বৈষম্যের রীতি ভাঙার, তবে সে চেষ্টা যথেষ্ট ছিল না। যদিও এখন কিছুটা পরিবর্তন এসেছে। এমন একজন হয়ে উঠুন, যিনি প্রত্যেকের মতামত আর অনুভূতির প্রতি যত্নশীল। তবে কোনো অবস্থায়ই কারোর ক্ষমতা কেড়ে নিতে যাবেন না।’

ক্যামেরন ডিয়াজ সিনেমা থেকে সরে আসার বিষয়টি নিয়েও বলেন ওই অনুষ্ঠানে। তিনি বলেন, ওই সময়টা আমাকে বেশ কষ্ট দেয়। সমাজে আমরা নারীদের মূল্য দিই না। সমাজে যে তাদের ভূমিকা আছে তা আমরা ভুলে যাই। সব নারীই সামাজিকভাবে বৈষম্য আর শোষণের শিকার। একটা সময়ে আমিও এমন বৈষম্যের ভেতর দিয়ে গিয়েছি।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস