বলিউড ডিভাদের মধ্য অন্যতম স্টাইলিশ তারকা পূজা হেগড়ে। ফ্যাশনসচেতন পূজা তার নিত্যনতুন লুক দিয়ে প্রতিনিয়ত জনপ্রিয় ফ্যাশন আইকনে পরিণত হয়ে উঠেছেন। ফটোশুট কিংবা যেকোনো আয়োজনে সবাইকে মুগ্ধ করেন এ অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পূজা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন। ফটোশুটের জন্য ২ লাখ ১৯ হাজার রুপির আনারকলি পরেছেন তিনি। বাংলাদেশী মুদ্রায় এ পোশাকের মূল্য ২ লাখ ৫৯ হাজার ২১৯ টাকা।
বুধবার পূজা ফ্যাশন ফটোশুটের ছবি প্রকাশ করতেই সামাজিকমাধ্যমে সবার প্রশংসা পেতে থাকেন। দেশীয় ভাব বজায় রাখতে ভারতীয় ডিজাইনার তরুণ তেহিলিয়ানির নকশা করা গোলাপি আনারকলি পরেছিলেন পূজা। এথনিক অবতারে এক কথায় দুর্দান্ত লাগছিল এ অভিনেত্রীকে। ডিপ নেকলাইনের আনারকলির হাত ও গলায় ভারি জরি সুতা, কুন্দন ও এমব্রয়ডারির কাজ করা ছিল। পোশাকের বাড়তি সৌন্দর্য এনেছে কোমরের চওড়া সোনালি জরি সুতার কাজ। গোলাপি ব্রোকেড ওড়নায় সিকোয়েন্স, জারদৌসি ও কুন্দন দিয়ে অলংকৃত করা ছিল।
স্টুডিওর ভেতরেই তার ফটোশুট শেষ করেছেন পূজা। এ সময়ে আনারকলির সঙ্গে মানানসই নো মেকআপ লুক বেছে নিয়েছেন এ তারকা। আইলাইনার, মাশকারা, পিচ রঙের ব্লাশন, আর ন্যুড লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করেছেন। গহনা বলতে কেবল কানে লম্বা ঝুমকা দুল পরেছিলেন পূজা হেগড়ে। মেকআপের মতো সাদামাটাভাবেই খোলা চুলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এ তারকা। পূজার পায়ে ছিল সোনালি সুতার নকশা করা নাগরা জুতা।
সামনে বেশকিছু সিনেমায় দেখা যাবে পূজাকে। বর্তমানে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ সিনেময়া কাজ করছেন তিনি। এছাড়া রোহিত শেঠির ‘সার্কাস’-এর শুটিং করছেন এ অভিনেত্রী। সামনে মহেশ বাবুর বিপরীতে ‘এসএসএমবি২৮’-এ দেখা যাবে পূজা হেগড়েকে।
সূত্র: বলিউড হাঙ্গামা










