হলিউড সিনেমার নানা প্রপস নিয়ে নিলাম নতুন কিছু নয়। এবার সে রকম একটি নিলামে উঠছে স্টার ওয়ারস এক্স-উইংয়ের একটি মিনিয়েচার ও টম হ্যাঙ্কসের ক্যাস্ট অ্যাওয়ের ভলিবল কম্প্যানিয়ন উইলসন। অন্যান্য জনপ্রিয় ও পরিচিত সিনেমা, টিভি শোর নানা প্রপস নিয়ে আয়োজিত হবে নিলামটি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামটি ৯ লাখ ডলারেরও বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।
নিলামের পণ্যগুলোর মধ্যে ১৯৭৭ সালের স্টার ওয়ারস: আ নিউ হোপ সিনেমার এক্স-উইং স্টারফাইটারটির একটি মিনিয়েচার মডেল সবচেয়ে দামি। আশা করা হচ্ছে এটি ৮-১০ লাখ ডলারে বিক্রি হতে পারে। এছাড়া হ্যাঙ্কসের ক্যাস্ট অ্যাওয়ে সিনেমার ভলিবল উইলসনও ভালো দাম পাবে। সিনেমা অনুসারে চাক নোল্যান্ডের নির্বাসনের সঙ্গী ছিল বলটি। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবনীভিত্তিক সিনেমা আলী থেকে উইল স্মিথের শর্টসও থাকছে এ নিলামে।
এছাড়া নিলামে তোলা হচ্ছে কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত পাল্প ফিকশন থেকে স্যামুয়েল এল জ্যাকসনের ওয়ালেট এবং কিল বিল থেকে উমা থুরম্যানের সামুরাই তলোয়ার। এখানেই শেষ নয়। মার্ভেল যখন একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছে সে সময় এ নিলামে থাকছে থরের থাতুড়ি। ১৯৮৫ সালের ব্যাক টু দ্য ফিউচার ট্রিলজির ডি লোরিয়ান টাইম মেশিনের একটি রেপ্লিকাও যুক্ত হচ্ছে এখানে। ট্রিলজির দ্বিতীয় সিনেমা থেকে মার্টি ম্যাকফ্লাইয়ের হোভারবোর্ডটিও নিলামে তোলা হবে।
নিলামটি আয়োজন করছে প্রপস্টোর এবং এটি আগামী ২১ জুন শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলবে। সিনেমা ও টিভি শোর নানা প্রপসের সঙ্গে এখানে কমিক দুনিয়ার নানা প্রপ ও কমিক মিলিয়ে ২০০টি পণ্য থাকবে। এর মধ্যে থাকছে ব্রায়ান বোল্যান্ডের ব্যাটম্যান: দ্য কিরিং জোক এপিসোডের একটি ফরাসি মলাট। ইনক্রেডিবল হাল্কের একটি এপিসোডের কমিক থাকছে, যার বিশেষত্ব হলো এই এপিসোডেই উলভারিনের আগমন হয়।
প্রপস্টোরের প্রধান নির্বাহী ব্র্যান্ডন এলিনগার। নিলাম সম্পর্কে তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের সবচেয়ে বড় বিনোদন স্মারক নিলামের আয়োজন করতে পেরে প্রপস্টোর আনন্দিত। নিলামে সিনেমা ও টেলিভিশন সিরিজের পণ্য ও ২০০টি কমকিসহ ফিল্ম হিস্টোরিয়ান জেডব্লিউ রিনজলারের সংগ্রহ থেকে পণ্য নিয়ে অয়োজনটি করা হচ্ছে। এখানে প্রায় ৬০০টি ভিন্ন ভিন্ন পণ্য উপস্থাপন করা হবে।’
এখানে আগ্রহী ক্রেতারা সরাসরি বুলি তুলতে পারবেন। পাশাপাশি ফোন বা অনলাইনেও বুলি তোলা যাবে।
সূত্র: দ্য গার্ডিয়ান










