বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। ভেনু লস অ্যাঞ্জেলেস থেকে পরিবর্তিত হয়ে এবার এসেছে লাস ভেগাসে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ট্রেভর নোয়াহ।

আলোচিত আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগোকে নিয়ে অনুমান সঠিক হয়েছে। তিনি পেয়েছেন সেরা নতুন শিল্পী ও সেরা পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি। ডোজা ক্যাট সেরা পপ গ্রুপের গ্র্যামি জিতেছে বিটিএসকে পেছনে ফেলে। বছরের সেরা অ্যালবামের সম্মান পেয়েছেন আমেরিকান গায়ক, গীতিকার জন ব্যাটিস্ট।

বিটিএসের অনবদ্য পারফরম্যান্স: গ্র্যামিতে দারুণ পারফর্ম কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। সিলিং থেকে জাঙ্কুকের নেমে আসার দৃশ্যটি বিটিএস ফ্যানদের চোখে লেগে থাকবে। ব্যান্ডটি তাদের মেগা হিট ‘বাটার’ পারফর্ম করেছে। মঙ্গলবার জাঙ্কুকের কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর এসেছিল। তবে এরই মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

বিলি আইলিশের হ্যাপিয়ার দ্যান এবার: মাত্র এক সপ্তাহ আগেই অস্কার পেয়েছেন বিলি আইলিশ। গ্র্যামি তার জন্য এবার তাই অন্যরকম ছিল। এখানেও সাতটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তরুণ গায়িকা। তিনি তার হ্যাপিয়ার দ্যান এভার থেকে টাইটেল নাম্বারটি পারফর্ম করেছেন। এ সময় তিনি টেইলর হকিংসের ছবিযুক্ত টি-শার্ট পরেছিলেন।

অলিভিয়া রড্রিগোর মনোমুগ্ধকর গান: অলিভিয়া রড্রিগো সর্বোচ্চসংখ্যক মনোনয়ন পাওয়া শিল্পী। এবারের গ্র্যামিতে তিনি ‘ড্রাইভারস লাইসেন্স’ পারফর্ম করেছেন।

অস্কারের ঘটনা নিয়ে রসিকতা: অস্কারের ঠিক এক সপ্তাহের মাথায় বসল গ্র্যামির আসর। স্বাভাবিকভাবেই অস্কারের ঘটনা প্রভাব ফেলেছে গ্র্যামিতে। শুরুতেই ট্রেভর নোয়াহ উইল স্মিথের ঘটনাটির দিকে ইঙ্গিত করেন। একটি পুরস্কার দিতে গিয়ে কোয়েস্টলোভও বিষয়টি নিয়ে মজা করেন। তিনি বলেন, ‘আমি অ্যাওয়ার্ডটি দিতে যাচ্ছি কিন্তু আমার কাছ থেকে ৫০০ ফুট দূরে থাকবেন। উইল স্মিথের থাপ্পড়ের ঘটনার কিছুক্ষণ পরই কোয়েস্টলোভ ডকুমেন্টারির জন্য অস্কার পেয়েছিলেন।

লতাকে মনে করেনি গ্র্যামিও: অস্কারে লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারকে স্মরণ করা হয়নি বলে ভারতীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সংগীতের অনুষ্ঠান গ্র্যামিও লতাকে স্মরণ করল না।

 

সূত্র: বিবিসি

 

গ্র্যামি ২০২২ জিতলেন যারা—

অ্যালবাম অব দ্য ইয়ার: উই আর—জন ব্যাটিস্ট

রেকর্ড অব দ্য ইয়ার: লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক

সেরা গান: লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক

সেরা নতুন শিল্পী: অলিভিয়া রড্রিগো

সেরা একক পপ পারফরম্যান্স: ড্রাইভারস লাইসেন্স—অলিভিয়া রড্রিগো

সেরা পপ ভোকাল অ্যালবাম: সোর—অলিভিয়া রড্রিগো

সেরা র‍্যাপ গান: জেইল—কেনি ওয়েস্ট ফিচারিং জে-জেড

সেরা পপ গ্রুপ পারফরম্যান্স: কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং এসজেডএ

সেরা রক অ্যালবাম: মেডিসিন অ্যাট মিডনাইট—ফু ফাইটারস

সেরা মিউজিক ভিডিও: ফ্রিডম—জন ব্যাটিস্ট