আলিয়া ভাট নেটফ্লিক্সের হার্ট অব স্টোন ওয়েব ফিল্ম দিয়ে তার হলিউডে যাত্রা করছেন। আলিয়ার সঙ্গে দেখা যাবে ওয়ান্ডার উইম্যান অভিনেত্রী গাল গাদোতকে। স্পাই থ্রিলার সিনেমাটি পরিচালনা করবেন টম হার্পার। গল্পটি লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন শ্রোডর।
গতকাল সকালে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স জানায় ‘হার্ট অব স্টোন’-এ থাকছেন আলিয়া এবং তার সঙ্গে আরো থাকবেন গাল গাদোত ও ডেমি ডরন্যান। নিজের সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট নিজেই।
সামপ্রতি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বক্স অফিস মাতাচ্ছে। সিনেমাটির আয় ১০০ কোটি রুপি পার হয়েছে দুই সাপ্তাহ পেরোনোর আগেই। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। আর প্রথম দিনই সাড়ে ১০ কোটি রুপি আয় করে নেয় সিনেমাটি। সাতদিন যেতেই সে পরিমাণ প্রায় ৭০ কোটি রুপিতে গিয়ে ঠেকে।
৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নির্বাচিত হয়েছিল। মুক্তির আগেই ১৬ ফেব্রুয়ারি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্রে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়।
২০১২ সালে বলিউডের অন্যতম পরিচালক করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউডে আলিয়ার অভিষেক হয়েছিল। এর পর থেকে এ অভিনেত্রী একের পর এক সেরা সিনেমা উপহার দিয়ে চলেছেন। ২০১৪ সালে আলিয়া অভিনীত হাইওয়ে সিনেমাটিও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা, যা তাকে দর্শকের আরো কাছে নিয়ে গিয়েছে। জোয়া আখতার পরিচালিত ও আলিয়া অভিনীত গালিবয় সিনেমাটি ২০১৯ সালে বেশ ভালোভাবেই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। ২০১৯-এর বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল গালিবয়-এর। সিনেমাটি প্রায় আড়াই কোটি ডলার আয় করেছিল। ২০২০ সালে ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে স্থান করে নিয়েছিল আলিয়া ভাট ও রণবীর সিংহ অভিনীত ছবি গালিবয়।
বলিউডের অনেক তারকা নিজেদের কাজ দিয়ে হলিউডে স্থান করে নিয়েছেন। এ তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কপুরের মতো ভারতীয় তারকারা। বর্তমান সময়ে হলিউডে নিজের পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়ংকা চোপড়া।
আলিয়ার হলিউডে যাত্রার বার্তায় তার অনেক ভক্তই শুভেচ্ছা জানাচ্ছেন। সমালোচকরা বলছেন, ভবিষ্যতে বলিউডের প্রতিভাবান তারকারা আরো হলিউডে কাজ করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
সূত্র: বলিউড হাঙ্গামা










