শিগগিরই ঘরে বসে হইচইয়ে দেখতে পারবেন শাকিব খান অভিনীত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’ চলতি বছর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ‘তুফান’ যে সবচেয়ে ঝড় তোলা সিনেমা তা দর্শকই প্রমাণ করেছে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার তুফান বইবে ওটিটির পর্দায়। তুফান শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে হইচইয়ে।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন বাংলাদেশের মিষ্টি মেয়েখ্যাত মাসুমা রহমান নাবিলা। সেই সঙ্গে তুফানে শাকিবের সঙ্গে পর্দায় নেচে-গেয়ে ও অভিনয় দিয়ে দর্শকের মন কেড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। চঞ্চল চৌধুরীকেও দর্শক নতুন রূপে পেয়েছে এ সিনেমার মধ্য দিয়ে। সেই সঙ্গে এ সিনেমার কাস্টিং ছিল চোখে পড়ার মতো। গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, হাসনাত রিপন, গাউসুল আলম শাওন, মানব সাচদেবসহ এ সিনেমায় অভিনয় করেছেন আরো অনেকেই।
চলতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তুফান। একে একে ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২০টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। যেকোনো বাংলা সিনেমার জন্য বিশ্বব্যাপী মুক্তির ক্ষেত্রে তুফানই সবচেয়ে বেশি এগিয়ে। তুফানের চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী।
এছাড়া তুফান সিনেমার গানগুলো মুক্তির পর পরই সাধারণ মানুষ একদম লুফে নিয়েছিল। লাগে উরাধুরা, দুষ্টু কোকিল, ফেঁসে যায়সহ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে।
তুফান মুক্তির ব্যাপারে হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘তুফান হইচইয়ে আসছে—এ খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরই মধ্যে লক্ষ করছি। তুফান হইচইয়ে মুক্তি দেয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দর্শকের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি, যা তাদের মনোবলকে উজ্জীবিত করবে এবং তাদের আবেগের সঙ্গে মিলে মানসম্মত বিনোদন উপহার দেবে।’










