দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। এ ধারাবাহিকতায় আরটিভিতে গতকাল প্রচার শুরু হয়েছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’।

গল্পে দেখা যায় মোস্তফা একজন নীতিমান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পড়ে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের কাস্টডি হারান। মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের কাস্টডি এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

এদিকে মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তবে মোস্তফার অজানা থাকে যে যার সঙ্গে সে প্রেম করেছে, সে গডফাদার বাহরির মেয়ে।

মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? মোস্তফা কি ইস্তানবুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিল ড্রামা মোস্তফায়। ২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি সপ্তাহে সাতদিন রাত ৯টায় আরটিভির পর্দায় দেখা যাবে।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।