একসময় পর্দায় নিয়মিত ছিলেন খায়রুল আলম সবুজ। মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় সমান পদচারণা ছিল গুণী এ অভিনেতার। দীর্ঘ ২৫ বছর পর আজ মঞ্চে অভিনয়ে ফিরছেন খায়রুল আলম সবুজ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তিনি জানান, আজ বিকাল ৫টায় রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে আনজির লিটন রচিত ও মোনামী ইসলাম কনক নির্দেশিত শিশুতোষ নাটক ‘আনন্দ’তে চার্লস ব্যাবেজের চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাকে। 

সবুজ জানান, দীর্ঘ ২৫ বছর পর মঞ্চে অভিনয়ে ফেরার প্রস্তাব দেন আনজির লিটন। প্রস্তাব পেয়ে ভীষণ উচ্ছ্বাস নিয়েই তিনি অভিনয়ে ফেরার নিশ্চয়তা দেন। যে কারণে বেশ কয়েকদিন টানা রিহার্সেলে অংশ নেন সবুজ। আর আজ চূড়ান্তভাবে মঞ্চে দেখা যাবে তাকে আনন্দ নাটকে। খায়রুল আলম সবুজ বলেন, ‘যতদূর মনে পড়ে, সর্বশেষ রেখা আহমেদের নির্দেশনায় ‘‌পূণর্মিলন’ নাটকে অভিনয় করেছিলাম। থিয়েটারের সঙ্গে এটাই ছিল আমার শেষ নাটক। এরপর আসলে মঞ্চে আর ফেরা হয়নি। মাঝে ২৫টি বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে আজ শিশুদের সঙ্গে মঞ্চে অভিনয়ে ফিরছি। আমার এবারের নাটকের নাম আনন্দ। আমার মনের ভেতরও কিন্তু এ নাটকে অভিনয় করা নিয়ে অনেক আনন্দ হচ্ছে। ভীষণ ভালো লাগা কাজ করছে। মোনামীকে ধন্যবাদ অনেক যত্ন ও ধৈর্য নিয়ে নাটকটির রিহার্সেল করানোর জন্য। অবশেষে আজ দর্শক নাটকটি মঞ্চে উপভোগ করতে যাচ্ছেন। দর্শকের প্রতি বিনীত আহ্বান রইল এ নাটক দেখতে আসার জন্য।’ এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘‌মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় দেখা যাবে সবুজকে। ১৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে তিনি বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয় করেছেন। 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম নূরুল করিম নাসিম রচিত ও খায়রুল আলম সবুজ নির্দেশিত নাটকে তিনি নিজেই অভিনয় করেন ‘সোনার হরিণ’ নাটকে। ১৯৬৮ সালে করাচি টিভিতে সবুজ প্রথম ‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’ গানটি পরিবেশন করেন। টিভিতে তার অভিনীত প্রথম নাটক ছিল ‘জলের রঙ্গে লেখা’। তার অভিনীত প্রথম সিনেমা ‘ছাড়পত্র’।