মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার, লেখক ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের ১৩তম প্রয়াণ দিবস আজ। চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা, চলচ্চিত্রবিষয়ক গ্রন্থের লেখক ও চলচ্চিত্র শিক্ষক ছিলেন। গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন কখনো কর্মী, কখনো সম্মুখ সারির সাংস্কৃতিক নেতা ও সংগঠক। চলচ্চিত্র শিক্ষক হিসেবে তিনি বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ চলচ্চিত্র নির্মাতা আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেতৃত্বের ভূমিকায়।
মুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মতো এ বছরও চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে আয়োজন করেছে বাদল রহমান স্মরণ অনুষ্ঠান। এ বছর তার স্মরণ আয়োজনে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুনের সাক্ষাৎকারগ্রন্থ ‘মুখোমুখি বাদল রহমান’। এ গ্রন্থে চলচ্চিত্রকার বাদল রহমানের সঙ্গে বেলায়েত হোসেন মামুনের কথোপকথনে উঠে এসেছে বাদল রহমানের জীবন ও বাংলাদেশের পঞ্চাশ, ষাট, সত্তরের দশকের উত্তাল সময়। যে সময় গঠিত হয়েছে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্ত হয়েছে দেশ। এ গ্রন্থে মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র ও সংস্কৃতির রাজনৈতিক বিচারের প্রশ্নে বাদল রহমান ব্যক্তিক ইতিহাসের ঘটনাক্রম থেকে জাতীয় ইতিহাস উন্মোচন করেছেন। আর এ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে আজ।
‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টায় কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজনে ‘মুখোমুখি বাদল রহমান’ গ্রন্থের পাঠ আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্র শিক্ষক ও সম্পাদক জুনায়েদ হালিম, ঢাকা ডক ল্যাবের পরিচালক ও চলচ্চিত্র প্রাবন্ধিক তারেক আহমেদ এবং চলচ্চিত্র সংসদকর্মী ও সংগঠক বিপ্লব মোস্তাফিজ। আয়োজনে সভাপতিত্ব করবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আলোচনা সঞ্চালনা করবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।










