ঢালিউডের আস্থা এখন সিয়াম আহমেদ। অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, সামাজিক ও রোমান্টিক—
সিনেমার সব ধারায় নিজেকে প্রমাণ করেছেন সিয়াম। দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন হিন্দি সিনেমায়। এবার তার পদচারণা পড়তে যাচ্ছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পাড়া টালিউডেও। সায়ন্তন ঘোষাল পরিচালিত একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ূষী। শুধু তা-ই নয়, এ সিনেমায় সিয়াম পর্দা ভাগাভাগি করবেন টালিউডের পোস্টারম্যান প্রসেনজিৎ চ্যাটার্জি ও শ্রাবন্তীর মতো বড় তারকার সঙ্গে।
কলকাতার সিনেমায় চুক্তির বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ। সিয়াম জানালেন, আগামী আগস্টে নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং শুরু হবে। চমকপ্রদ ব্যাপার হচ্ছে সিয়ামের গল্প-ভাবনা থেকেই তৈরি হচ্ছে সিনেমাটি। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। কলকাতার প্রথম ছবিতেই সহশিল্পী হিসেবে তিনি পাচ্ছেন প্রসেনজিতের মতো গুণী অভিনেতাকে।
ছবিতে অন্তর্ভুক্তির বিষয়ে সিয়াম জানান, এ ছবির প্রযোজক শ্যামসুন্দর দের সঙ্গে এক-দেড় বছর ধরেই কথা হচ্ছিল তার। প্রযোজক চাইছিলেন কলকাতার একক সিনেমায় সিয়ামকে নিয়ে কাজ করতে। কিন্তু মনের মতো গল্প পাচ্ছিলেন না। সিয়াম বলেন, ‘যেহেতু আমাদের আবেগ-অনুভূতি প্রায় একই ধরনের। সেই জায়গা থেকেই সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি। এটি একটি ফ্যামিলি ড্রামা। দুটো জেনারেশনের মেলবন্ধন ঘটেছে এ গল্পে। গল্পটা শেয়ার করার পর ওনারা আমার গল্পটা পছন্দ করেন। আমার মূল ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করছেন পদ্মনাভ দাশগুপ্ত।’ এ ছবির মাধ্যমে সিয়াম যেমন কলকাতায় প্রথমবার কাজ করছেন তেমনি পরিচালক সায়ন্তন ঘোষালও প্রসেনজিতের সঙ্গে কাজ করছেন। ছবিতে প্রসেনজিতের বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীকে। প্রযোজনায় আছে শ্যাডো ফিল্মস ও রোডশো ফিল্মস।
সব মিলিয়ে দুরন্ত সময় কাটছে ঢাকাই চলচ্চিত্রের হাসিমুখের নায়ক সিয়াম আহমেদের। গত ঈদে মুক্তি পায় তার প্রথম পুলিশি অ্যাকশন সিনেমা ‘শান’। দেশের দর্শকদের মাত করে ইউরোপ-আমেরিকা ঘুরে শান এখন ধার দেখাচ্ছে অস্ট্রেলিয়ার সিনেমা থিয়েটারগুলোয়। ঈদে মুক্তি পাওয়া শানের ধার কমতে না কমতেই মুক্তি পায় সিয়ামের আরেক সিনেমা পাপ-পুণ্য। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এ সিনেমায় সিয়ামের পর্দাসঙ্গী ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সফল নায়ক চঞ্চল চৌধুরী। এছাড়া মামুনুর রশীদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা তো ছিলেনই। বিশ্বব্যাপী ১২০টিরও বেশি হলে মুক্তি পায় পাপ-পুণ্য।
পাপ-পুণ্য মুক্তির আগেই সিয়াম জানান তার ক্যারিয়ারের সেরা সংবাদ। যুক্তরাষ্ট্রভিত্তিক ভারতীয় নির্মাতা অলকা রঘুরামের সিনেমায় চুক্তিবদ্ধ হন ঢাকাই সিনেমার এ নায়ক। সিনেমার নাম ‘ইন দ্য রিং’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিনের ওয়েব ভার্সন ভ্যারাইটি ডটকমের এ খবরে দেশের বিনোদনজগৎ নড়েচড়ে বসে। ভ্যারাইটির খবরের সূত্র ধরে সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে বণিক বার্তাকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। হিন্দি ভাষার সে সিনেমায় অভিনয় প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক সিনেমা। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। সেই সঙ্গে নেটফ্লিক্সেও।’
সিয়াম বর্তমানে ইন দ্য রিং সিনেমার কাজে ব্যস্ত। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় একটি ছবি আপলোড দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘টিম ইন দ্য রিং।’
সেই সঙ্গে সিনেমার পরিচালক ও তার নায়িকাকে মেনশন করে তাদের মিস করার কথাও লিখেছেন। ছবি ঢাকার না ঢাকার বাইরের সে বিষয়ে কিছু লেখেননি এ অভিনেতা।
জানা গিয়েছে, সম্প্রতি এ ছবির একটি টিম সিয়ামের সঙ্গে চুক্তি করতে ঢাকায় আসেন। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, কলকাতার খিদিরপুরের মুসলিম সম্প্রদায়ের একজন ১৭ বছর বয়সী নারী বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে ‘ইন দ্য রিং’-এর গল্প। মনস্তাত্ত্বিক থ্রিলার জনরার এ ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করবেন নেটফ্লিক্সের ‘লিটল থিংস’খ্যাত ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকার, ‘সূর্যবংশী’
সিনেমার অভিনেতা জাভেদ জাফরিসহ আরো অনেককে।
এটি অলকা রঘুরামের প্রথম ফিচার ফিল্ম। এর আগে তিনি ‘বোরকা বক্সার্স’ নামে একটি ডকুফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত ও সৌভিক দাশগুপ্ত। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যামব্রোস। এছাড়া সিঙ্গাপুরভিত্তিক দর্পণ গ্লোবালের জন্য শ্রেয়সী সেনগুপ্ত এবং ভারতের ওরিজন গ্লোবালের জন্য সৌভিক দাশগুপ্ত প্রযোজনা করছেন, লস অ্যাঞ্জেলেসভিত্তিক রিক অ্যামব্রোস নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। এ ছবির আন্তর্জাতিক পরিবেশক, সহপ্রযোজনা প্রতিষ্ঠান খুঁজতে ‘ইন দ্য রিং’ প্রজেক্ট নিয়ে বর্তমানে কানে আছেন প্রযোজক শ্রেয়সী সেনগুপ্ত। সব ঠিক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।










