ভালোবাসা দিবসে এসেছিল নাজনীন নীহা অভিনীত নাটক ‘লাভ রেইন’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত এ নাটকে নীহার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে নীহার বিপরীতে ছিলেন জোভান। এরপর তিনি বিরতিতে যান। ছয় মাস পর আসে তার নতুন নাটক ‘অবুঝ পাখি’।
গত ২৯ আগস্ট ইউটিউবে এসেছে ‘অবুঝ পাখি’। এ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন নীহা। তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এর গল্প ছাত্র রাজনীতি নিয়ে। লিখেছেন হাসান মোহতারিম, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা করেছেন তরুণ মেধাবী পরিচালক রুবেল হাসান। নাটকটি প্রকাশের পর অভূতপূর্ব সাড়া পাচ্ছেন নীহা। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘বরাবরের মতোই আমি দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ। বিশেষত আমার যারা ভক্ত দর্শক, তারা আমার একটি নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।’
প্রায় ছয় মাস পর নীহা অভিনীত নাটক মুক্তি পেয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘নাটকটি হয়তো আরো কিছুদিন আগেই প্রকাশ পেত। কিন্তু মাঝখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে দেশের অনেকাংশে বন্যা পরিস্থিতি বিবেচনা করে নাটকটির প্রকাশ পিছিয়ে যায়। অবশেষে তিনদিন আগে এটি প্রকাশ পেল। প্রকাশের পর অনেক সাড়া পাচ্ছি। রুবেল ভাইয়ের নির্দেশনায় আমার প্রথম কাজ ছিল এটি। ইয়াশ ভাইয়ার সঙ্গেও প্রথম কাজ। সব মিলিয়ে কাজটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এখন দর্শকের কাছ থেকে সাড়া পেয়ে, পজিটিভ ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।’
সিনেমার টিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি নীহা নিয়মিত ভালো নাটকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন।










