অন্তবর্তকালীন সরকার গঠনের
পর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছে দেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে
অন্যান্য ইন্ডাস্ট্রির মত ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রিতেও নেমে এসেছিল স্থবিরতা। লাইট,
ক্যামেরা, অ্যাকশন সবকিছুই ছিল বন্ধ। তবে ছাত্রদের বিজয়ের পর পরিস্থিতি পাল্টেছে। শ্যুটিং
ফ্লোরে ফিরতে শুরু করেছেন অভিনয় শিল্পীরা।
তবে নাটকের শুটিং শুরু হলেও
নতুন কোনো সিনেমার শুটিংয়ের খবর আসেনি এখনো। বড় বাজেটের কিছু সিনেমা শুটিংয়ের কথা ছিল
আগস্টে। তারো পিছিয়ে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শাকিব খানের ‘বরবাদ’ নামের
একটি সিনেমার শ্যুটিং। ঈদুল আজহার পর চারদিকে যখন শাকিব খানের ‘তুফান’ ছবির
সাফল্যের খবর শোনা যাচ্ছিল, ঠিক তখনই এই ‘বরবাদ’ সিনেমার অনানুষ্ঠানিক
খবর আসে। যেটি পরিচালনায় থাকবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের
প্রথম সিনেমা।
জানা যায় সিনেমাটিতে ফের শাকিব
খানের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পাল। এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দেখেছেন
দর্শক। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, আগস্ট বা সেপ্টেম্বরের মাসের শেষের দিকে এই সিনেমার
শুটিং শুরু হতে পারে। কিন্তু দেশের চলমান এই অস্থিরতায় সিনেমাটির শ্যুটিং পিছিয়েছে।
তবে ঠিক কবে নাগাদ শ্যুটিং
শুরু হবে নির্মাতারা এখনই তা নিশ্চিত করে জনাতে পারছেন না।
মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে
জানান, সেপ্টম্বরের শেষের দিকে বরবাদের শ্যুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু এখন দেশের
যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে
রয়েছেন। তিনি এলে তার সঙ্গে কথা বলেই শ্যুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই
বলা যাচ্ছে না।
জানা গিয়েছে, শাকিব খান আগামী
২৬ বা ২৭ আগস্ট দেশে আসবেন। দেশে ফেরার কয়েকদিন পরই আবার কলকাতায় যাবেন তিনি।










