ঢাকায় গান গাইতে আসছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে গাইবেন এ গায়ক। কনসার্টটির আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আসার আগে অঞ্জন দত্ত ভক্তদের কাছে চেয়েছেন গানের তালিকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় অঞ্জন দত্ত তার ফেসবুকে লেখেন, ‘‌প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার আলোকি অডিটরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’

দর্শকের উদ্দেশে অঞ্জন বলেন, ‘‌দেখা হবে। আমার থেকে কী কী গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।’ এছাড়া এরই মধ্যে কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন অঞ্জন নিজেই। 

প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার পর দর্শকেরা এখন হাতে পাচ্ছে টিকিট। এ নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। তার সঙ্গে আরো গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। 

ঢাকার আহমেদ হাসান সানি সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এ কনসার্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায়। সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন সানি। সানির পর, রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে উঠবেন অঞ্জন দত্ত। সেখানে টানা আড়াই ঘণ্টার মতো গাইবেন তিনি। 

বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে অঞ্জন দত্তের। তাই ভক্তদের জন্য এর আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন তিনি। ‘তুমি না থাকলে’, ‘ম্যারি এ্যান’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘বসে আছি স্টেশনে’, ‘বেলা বোস’-এর মতো বহু জনপ্রিয় গানের স্রষ্টা অঞ্জন দত্ত।