দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘নূর’। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী জুটির এ রোমান্টিক গল্প প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। শুরু হয়ে গেছে প্রচারণাও।

চার বছর আগে নাম ঘোষণার পরই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়। নির্মাতা রায়হান রাফী, সঙ্গে জনপ্রিয় জুটি শুভ-ঐশী—সব মিলিয়ে নূরকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু শুটিং শেষ হলেও নানামুখী জটিলতায় আটকে যায় মুক্তি। নায়ক,–নির্মাতা ও–প্রযোজকের দ্বন্দ্ব নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। বছর দুয়েক আগে সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে, এমন খবর প্রকাশ পেলেও সে সময় সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত এটিই সত্যি হতে যাচ্ছে।

এর মধ্যে গতকাল মুক্তি পেয়েছে সিনেমার ৪২ সেকেন্ডের টিজার। প্রকাশের পরই ভক্তদের আগ্রহ আরো বেড়েছে। টিজারের শুরুতে দেখা যায়, প্রিয় মানুষটিকে হারিয়ে দিশেহারা ও ভেঙে পড়া শুভ। এরপর ফ্ল্যাশব্যাকে আসে শুভ-ঐশীর রোমান্টিক মুহূর্তগুলো, যেখানে প্রেম ও বিচ্ছেদ দুটোরই আভাস মিলেছে।

শুটিংয়ের ছবি পোস্ট করেও দর্শকের কৌতূহল বাড়িয়েছেন শুভ ও ঐশী। শিউলি ফুল আঁকা গোলাপি শাড়ির ঐশী আর একই রঙের টি-শার্টে শুভ, দুজনের সেই ছবির ক্যাপশনে ছিল প্রেমের বার্তা ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার’। অনেকেই বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দিলেও জানা গেছে, এটি ছিল ছবির প্রচারণার অংশ।

‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম টু’ ও ‘ব্ল্যাক ওয়ার’-এর পর এটি শুভ-ঐশীর তৃতীয় সিনেমা। তিন বছর আগে নির্মাণ শেষ হলেও মুক্তির জন্য অপেক্ষা করতে হয়েছে।

দর্শকের প্রত্যাশা, রায়হান রাফীর হাতে নূর হয়ে উঠবে প্রেম-বিরহের এক ভিন্ন অভিজ্ঞতা। যদিও মুক্তির তারিখ এখনো ঘোষিত নয়। শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই ওটিটিতে দেখা যাবে সিনেমাটি।

এদিকে ঐশী ব্যস্ত আছেন সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে, যেখানে তার সহশিল্পী শাকিব খান। অন্যদিকে আরিফিন শুভ সম্প্রতি শেষ করেছেন ভারতীয় সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ, যা মুক্তির অপেক্ষায় রয়েছে।