দক্ষিণ ভারতের খ্যাতিমান পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা আরআরআর। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রায় আট হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্য বক্স অফিস মাতাচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই আরআরআরের আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।
তামিল, হিন্দি, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে আরআরআর। সিনেমাটির হিন্দি সংস্করণ দেখা যাচ্ছে ভারতের ৩ হাজার ২০০টি প্রেক্ষাগৃহে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলের প্রায় সাড়ে তিন হাজার পর্দায় এসেছে এ সিনেমা।
বহুল প্রতীক্ষিত আরআরআরের ট্রেলার প্রকাশের আগে থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল। ট্রেলার দেখার পর যেন ভক্তদের উত্কণ্ঠা আরো বেড়ে যায়। রাজামৌলি হতাশ করছেন না তার ভক্তদের। ভক্তরাও হতাশ করেনি রাজামৌলিকে। গতকাল বিশ্বব্যাপী আরআরআর আয় করেছে প্রায় ২৫০ কোটি রুপি। আয়ের দিক থেকে বাহুবলীকে ছাড়িয়ে গেল আরআরআর। বাহুবলীর প্রথম দিনের আয় ছিল ৪০ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে দেশের বাইরে প্রায় দুই হাজার পর্দায় একযোগে মুক্তি পায় আরআরআর। পরিচালকের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী আরআরআর ভক্তরা যেন সিনেমাটি মুক্তির দিনেই উপভোগ করতে পারে।
সিনেমাটির দৈর্ঘ্য নিয়েও চমক রেখেছেন পরিচালক। কারণ বড় বাজেটের এ সিনেমার সময়কাল ৩ ঘণ্টা ১ মিনিট। বলা হচ্ছে সিনেমাটির প্রথম অংশ দীর্ঘ করা হয়েছে। ১ ঘণ্টা ৩৮ মিনিট ব্যয় করা হয়েছে আরআরআরের প্রথম অংশের জন্য।
আরআরআরে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা রামচরণ ও জুনিয়র এনটিআরসহ আরো অনেকে। বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাটকেও দেখা যাবে এ সিনেমায়।
সিনেমা সমালচকরা বলছেন, নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহ খুলে দিতেই প্রথম দিনে আরআরআর বিপুল আয় করেছে। এ থেকে নতুন করে আশার আলো দেখছে বিনোদন দুনিয়া।
সূত্র: বলিউড হাঙ্গামা










