বিতর্কিত ধর্মগুরু জিম জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিটির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। 

১৯৭৮ সালের ১৮ নভেম্বর গায়ানায় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। জিম জোনসের নিজস্ব ধর্মীয় সম্প্রদায়ের ৯০৯ জন সদস্য বিষ পান করে আত্মহত্যা করেন। এর মধ্যে নারী-শিশুও ছিলেন। গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে কমিউন গড়ে তুলেছিলেন জোনস। তবে বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।

ধর্মীয় গুরু ‘জিম জোনস’ তার ৯০৯ জন অনুসারীর মাঝে সায়ানাইড মিশ্রিত এক ধরনের পানীয় বিলি করেন এবং ওই পানীয় পান করে সবাইকে গণআত্মহত্যা করার নির্দেশ দেন। গুরুর নির্দেশ অমান্য করা যায় না। তাই সেখানে উপস্থিত প্রায় সবাই সেই পানীয় পান করে এবং সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে আত্মহত্যা করেন। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণআত্মহত্যা।

জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার সহপ্রযোজক হিসেবেও থাকবেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

এদিকে নেটফ্লিক্সে অ্যাডাম ম্যাককের ‘ডোন্ট লুক আপ’-এ জেনিফার লরেন্সের বিপরীতে দেখা যাবে এ অভিনেতাকে। কিছুদিন আগে মার্টিন স্করসেসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন ডিক্যাপ্রিও।

অস্কারের জন্য মোট সাতবার মনোনীত হয়েছেন টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ২০১৬ সালে দ্য রেভেন্যান্ট সিনেমার জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। 

১৯৯০-এর দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন ডিক্যাপ্রিও। মহাকাব্যিক রোমান্টিক ছবি ‘টাইটানিক’-এর জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি সে সময় এবং পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।

এরপর তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি ডিক্যাপ্রিও। ক্যাচ মি ইফ ইউ ক্যান, গ্যাংস অব নিউইয়র্ক, দি অ্যাভিয়টের, দ্য ডিপার্টেড, শাটার আইল্যান্ড, দ্য উলফ অব ওয়ালস্ট্রিট, ইনসেপশন, রেভেন্যান্টের মতো সিনেমা উপহার দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা ফিরে পান।

 

সূত্র: ভ্যারাইটি