এ বছরের শুরুতেই পরীমনিকে নিয়ে ঘোষণা আসে নতুন সিনেমা ‘গোলাপ’-–এর। পরীমনি ও নিরব হোসেন থাকছেন প্রধান চরিত্রে। সিনেমাটি রাজনৈতিক ঘরানার একটি থ্রিলার, পরিচালনায় সামছুল হুদা। ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়তে থাকে দর্শকের মধ্যে।

তবে ঘোষণার প্রায় ১১ মাস পার হলেও এখনো শুরু হয়নি শুটিং। গত ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মূল সমস্যা ছিল গল্পকে ঘিরে। পরিচালক সামছুল হুদা জানান, গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তাই এ বছর ক্যামেরা চালু করা যায়নি। তিনি বলেন, ‘পুরো টিমের সঙ্গে কথা বলে গল্পকে নতুন করে সাজানো হয়েছে। এখন পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার।’

নতুন শুটিং শিডিউল নিয়ে এরই মধ্যে পরীমনি ও নিরবসহ পুরো টিমের সঙ্গে আলোচনা হয়েছে। নির্মাতা জানান, সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। নতুন গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে কথাও হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিংয়ের তারিখ জানিয়ে দেয়া হবে।

নিরব জানান, তারা দর্শককে একটি ভালো সিনেমা উপহার দিতে চান। তাই গল্প নিয়ে বেশ যত্নবান ছিলেন। প্রয়োজনীয় কিছু পরিবর্তন করা হয়েছে, কিছু নতুন দৃশ্যও যোগ হয়েছে। কাজ শুরুতে দেরি হওয়ার আরেকটি কারণ হলো তিনি এ বছর কিছুটা সময় দেশের বাইরে ছিলেন। এখন গল্প চূড়ান্ত, চিত্রনাট্যও প্রায় শেষ। তার আশা, নতুন বছরে শুটিং শুরু করা যাবে।

গল্পওয়ালা প্রডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে গোলাপ। ছোট শহরের রাজনৈতিক পরিবেশকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশাবাদী, নতুন বছরে শুরু হবে শুটিং আর দর্শক পাবে একটি পরিপূর্ণ, টান টান উত্তেজনাপূর্ণ সিনেমা।