একটা ভারতীয় টিভি শো নির্মাণে কত খরচ হতে পারে? ৫০০ কোটি রুপি বললে একটু নড়েচড়েই বসতে হয়। কারণ এ বাজেট বলিউডের বেশির ভাগ সিনেমার বাজেটের চেয়েও বেশি। গত দুই দশকে ভারতীয় সিনেমার বাজেট ধারাবাহিকভাবে বাড়ছে। একসময় ৪০ কোটি রুপিকে সিনেমার জন্য বড় বাজেট বিবেচনা করা হতো। আর এখন ভারতীয় সিনেমায় গড়পড়তা বাজেট থাকে প্রায় ২০০ কোটি রুপি। এমনকি পিছিয়ে নেই টিভি শোগুলোও। 

২০১৭-১৮ সময়ে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচার হয়েছে ঐতিহাসিক সিরিজ ‘‌ পোরাস’ (পুরু)। এটিই ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল টিভি শো। ২৪৯ পর্বের এ সিরিজ নির্মাণে খরচ হয়েছে ৫০০ কোটি রুপি। ঐতিহাসিক দৃশ্য নির্মাণে সেট তৈরি, ভিএফএক্স, যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে এ বিপুল অর্থের প্রয়োজন হয়েছে। গ্রিসের দিগ্বিজয়ী আলেকজান্ডার ও ভারতীয় শাসক পুরুর মধ্যকার যুদ্ধই এ টিভি শোর মূল গল্প। পোরাস যখন প্রচার শুরু হয়, তখন সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় সিনেমা ছিল বাহুবলী টু: দ্য কনক্লুশন, যার বাজেট ছিল ২৫০ কোটি রুপি। আর সে সময় পোরাসের খরচ ছিল তার দ্বিগুণ। পোরাস যখন শেষ তখন বাহুবলীর দ্বিতীয় পর্বটি মুক্তি পায়, যার বাজেট ছিল ৪০০ কোটি রুপি। পোরাস এখনো বাজেটের হিসেবে এগিয়ে আছে। অনেক বড় বড় সিনেমার বাজেটও পোরাসকে ছাড়াতে পারেনি, যেমন: ব্রহ্মাস্ত্র (৪৩০ কোটি), জওয়ান (৩০০ কোটি), টাইগার থ্রি (৩০০ কোটি), লিও (২৫০ কোটি)। আর হাতেগোনা যে কয়টি সিনেমা পোরাসকে ছাড়িয়েছে, সেগুলোর মধ্যে আছে আদিপুরুষ (৫৫০ কোটি), আরআরআর (৫৫০ কোটি), কল্কি ২৮৯৮ এডি (৬০০ কোটি)।

পোরাসের আরেক বৈশিষ্ট্য ছিল, এতে কোনো উল্লেখযোগ্য তারকা ছিল না। পুরুর চরিত্রে ছিলেন লাকশ লালওয়ানি, তিনি তখনো কোনো টিভি শোয়ে মুখ্য চরিত্রে অভিনয় করেননি। আলেকজান্ডারের চরিত্রে ছিলেন রোহিত পুরোহিত। তিনিও তখন কোনো বড় তারকা ছিলেন না। 

সূত্র: ডিএনএ