অ্যাপল টিভি প্লাসের নতুন সিরিজ ‘দ্য অফ উইকস’। আট পর্বের এ সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন হলিউড তারকা বেন স্টিলার ও জেসিকা চ্যাস্টেইন। একই সঙ্গে দুজন থাকছেন নির্বাহী প্রযোজকের দায়িত্বে। মাইকেল শোয়ালটার সিরিজটি পরিচালনা করবেন। নির্বাহী প্রযোজকও তিনি। পাশাপাশি এ সিরিজে আলিসা নাটিং থাকছেন শো-রানার ও নির্বাহী প্রযোজক হিসেবে।

গাস অ্যাডলার নামক ব্যক্তিকে ঘিরে সিরিজের গল্প আবর্তিত হয়েছে। তিনি শিক্ষক ও লেখালেখি করেন। বিবাহবিচ্ছেদের পর ভেঙে পড়া গাস অ্যাডলার চেষ্টা করেন নিজের জীবন ও সন্তানদের সামলাতে। কর্মব্যস্ত সপ্তাহগুলোয় তিনি সন্তানের দায়িত্বে থাকেন। তখন জীবন চলে দায়িত্বের নানা চাপে। কিন্তু অফ উইকসে তিনি একা। তখন তিনি জড়িয়ে পড়েন রহস্যময়ী নারী স্টেলা ওয়েস্টের সঙ্গে। এ সম্পর্ক তাকে নিয়ে যায় বিপজ্জনক দ্বন্দ্বে, যেখানে পরিবার, দায়িত্ব ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্টিলার ও চ্যাস্টেইন এর আগে একসঙ্গে কাজ করেছিলেন অ্যানিমেটেড ছবি ‘মাদাগাস্কার থ্রি: ইউরোপস মোস্ট ওয়ান্টেড’-এ। সিনেমাটিতে তারা কণ্ঠও দিয়েছিলেন। স্টিলার ছিলেন লায়ন অ্যালেক্সের কণ্ঠে আর চ্যাস্টেইন ছিলেন জাগুয়ার জিয়ার কণ্ঠে। অন্যদিকে স্টিলার ও শোয়ালটার একসঙ্গে কাজ করেছিলেন অ্যাপল টিভি প্লাসের মিনি সিরিজ ‘দ্য শ্রিঙ্ক নেক্সট ডোর’-এ।

প্রজেক্টটি স্টিলারের সঙ্গে অ্যাপল টিভি প্লাসের সম্পর্ককে আরো এগিয়ে নিচ্ছে। সম্প্রতি তারা এমি অ্যাওয়ার্ডসে অ্যাডাম স্কট অভিনীত সিরিজ সেভারেন্সের সাফল্য উদযাপন করেছে। সিরিজটি মোট ২৭টি মনোনয়ন পেয়েছিল এবং আটটি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে ব্রিট লোয়ার অসাধারণ প্রধান অভিনেত্রী, ট্রামেল টিলম্যান অসাধারণ সহ-অভিনেতা ও মেরিট উইভার অসাধারণ অতিথি অভিনেত্রীর (ড্রামা সিরিজে) পুরস্কার পেয়েছেন। সামনে স্টিলার তার ডকুমেন্টারি ফিল্ম ‘স্টিলার অ্যান্ড মিরা: নাথিং ইজ লস্ট’ মুক্তি দেবেন।

জেসিকা চ্যাস্টেইনকে শিগগিরই দেখা যাবে আসন্ন অ্যাপল অরিজিনাল থ্রিলার ‘দ্য স্যাভান্ট’-এ। থ্রিলারটি মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। এখানেও তিনি নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

সূত্র: ডেডলাইন